সিরিজের দুই ম্যাচ শেষে সমতা, কিন্তু উত্তাপ এখন তৃতীয় ম্যাচ ঘিরে। আজ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ-অলিখিত এই ফাইনালেই নির্ধারিত হবে কে জিতবে ওয়ানডে সিরিজ। তবে মাঠের আসল প্রতিপক্ষ হয়তো কোনো দল নয়, বরং মিরপুরের কালো উইকেটই। আজ এই পিচে ব্যাটসম্যানদের সংগ্রাম, বলের টার্ন, অসমান বাউন্স আর অনিশ্চিত গতি যেন ম্যাচের গতি-প্রকৃতিই নির্ধারণ করছে।
দুই ম্যাচেই প্রমাণ মিলেছে-স্পিনই এই সিরিজের রাজা। ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা দ্বিতীয় ম্যাচে এমন নিয়ন্ত্রণ দেখিয়েছেন যে, ৫০ ওভারই কেটেছে স্পিনে, এক বলও করেননি পেসাররা। আলিক অ্যাথানেজের ১০ ওভারে ১৪ রানে ২ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল সেই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। অন্যদিকে বাংলাদেশের স্পিনাররাও ছিলেন সাফল্যের ধারায়, তবে ব্যাট হাতে ব্যর্থতা ঢেকে দিয়েছে সব সাফল্য।
বাংলাদেশের ব্যাটাররা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছেন এই কালো উইকেটের রহস্যে। দ্বিতীয় ম্যাচে তারা যে ৩০০ বলের ৬২ শতাংশই ডট খেলেছেন, সেটিই বলে দেয় স্ট্রাইক রোটেশনের কতটা অভাব ছিল। ব্যাটারদের কাঁধে দায়িত্ব, কিন্তু রান তুলতে হয়েছে মূলত নিচের দিকের ব্যাটারদের কৃতিত্বে। রিশাদ হোসেনের সাহসী ইনিংসই দুই ম্যাচে বাংলাদেশের মুখরক্ষা করেছে। প্রথম ম্যাচে ১৩ বলে ২৬, দ্বিতীয় ম্যাচে ১৪ বলে ৩৯-এই দুই ইনিংসের প্রাণশক্তিই এখন দলের অনুপ্রেরণা।
সুপার ওভারে হারটাই এখন নতুন প্রেরণা। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের একদম দোরগোড়ায় গিয়েও ম্যাচ হারায় টাইগার শিবিরে তৈরি হয়েছে ক্ষোভ ও জেদ-যা আজ ফাইনাল লড়াইয়ে পরিণত হতে পারে অতিরিক্ত উদ্দীপনায়। তবে জিততে হলে ব্যাটিং বিভাগকেই এগিয়ে আসতে হবে।
ওপেনিংয়ে পরিবর্তনের আভাস মিলেছে, সৌম্য সরকারের জায়গায় আসতে পারেন তানজিদ হাসান তামিম। শান্ত, হৃদয় ও সোহানদেরও এবার বড় ইনিংস খেলতে হবে, কারণ ২০০ রানের নিচে কিছুই নিরাপদ নয় এই উইকেটে।
বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা এখন বোলিং। নাসুম, তানভীর, মিরাজ আর রিশাদের স্পিন আক্রমণ মিরপুরের কন্ডিশনে ভয়ংকর হয়ে উঠতে পারে। সঙ্গে মুস্তাফিজুর রহমানের কাটার থাকছেই। বোলাররা যদি পরিকল্পনা মতো বল করতে পারেন, ফিল্ডিং যদি কিছুটা উন্নত হয়, তবে এই উইকেটে যে কোনো স্কোরই প্রতিপক্ষের জন্য পাহাড়সম হতে পারে।
অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ শিবির। সুপার ওভারে জয় তাদের উজ্জীবিত করেছে। অধিনায়ক শাই হোপ দুর্দান্ত ফর্মে আছেন-দ্বিতীয় ম্যাচের নায়ক তিনিই। স্থানীয় কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়ার যে প্রমাণ তারা দিয়েছে, তা আজও তাদের আত্মবিশ্বাসের জ্বালানি।
মিরপুরের উইকেট নিয়ে আইসিসির রিপোর্ট এখনো আসেনি, তবে এর প্রকৃতি নিয়ে বিতর্ক তুঙ্গে। কেউ বলছেন এটি স্পিনারদের স্বর্গ, কেউ বলছেন ব্যাটিংয়ের কবরস্থান। কিন্তু এই বিতর্কের মধ্যেই আজ মাঠে নামবে দুই দল, একটাই লক্ষ্য নিয়ে-সিরিজ জয়।
বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে এই ‘কালো উইকেটের ফাইনাল’। শেষ হাসি কে হাসবে, স্পিনের রাজত্বে কে পাবে জয়ের মুকুট-তা জানার অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।










Discussion about this post