গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। এই সময়ের মধ্যে তাঁর নামে দেশের আদালতে একাধিক মামলাও হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ এই সময়ে বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামা হয়নি দেশসেরা অলরাউন্ডারের। তবে সাম্প্রতিক এক পডকাস্টে সাকিব জানিয়েছেন, বাংলাদেশের হয়ে আবারও খেলার আশা এখনো তিনি ছাড়েননি।
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে আজ নিজের মতামত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তার মতে, সাকিবের খেলাটা এখনো সম্ভব, তবে সেটি নির্ভর করছে একাধিক বিষয়ের ওপর।
আমজাদ বলেন, ‘সাকিব আল হাসানের ফিটনেস এবং বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে আমার মনে হয় তিনি আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি না, সেটি সম্পূর্ণ নির্বাচক কমিটির বিষয়। নির্বাচক কমিটি যখন যাকে প্রয়োজন মনে করবে, তাকেই দলে নেবে।’
বর্তমান বাস্তবতায় সাকিব নির্বাচনের জন্য বিবেচনায় নেই বলেও ইঙ্গিত দেন বিসিবির এই কর্মকর্তা। একই সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি তিনি। আমজাদ হোসেন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনের জন্য লভ্য নন বা দেশে নেই। তবে ভবিষ্যতে যদি তিনি ফিরে আসেন… তার ফিটনেস ও ফর্ম ঠিক থাকে, তবে তিনি অনেক বছর খেলতে পারবেন এবং আমরাও হয়ত তার খেলা দেখতে আগ্রহী।’
সাকিব আল হাসান পতিত আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার রাজনৈতিক পরিচয় ও অবস্থান সাম্প্রতিক সময়ে তাঁর ক্রিকেট ক্যারিয়ারে প্রভাব ফেলেছে বলে আলোচনা রয়েছে। তবে আমজাদ হোসেন মনে করেন, ক্রিকেট সব সময় রাজনীতির ঊর্ধ্বেই থাকবে।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেট দল-মত নির্বিশেষে সবার খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে পৌঁছেছে কারণ এটি রাজনৈতিক পরিচয়হীন এবং নিরপেক্ষ। আমি বিশ্বাস করি সবাই ক্রিকেটের উন্নতির জন্য অবদান রাখবেন। আমরা আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি এবং তিনি চাইলে ভবিষ্যতেও থাকব।’










Discussion about this post