দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের লড়াইটা যেন আর দশটা ম্যাচ নয়, সরাসরি সেমিফাইনাল। সমীকরণ একেবারেই সহজ-বাংলাদেশ ও পাকিস্তানের যেই জিতবে, সেই ভারতের সঙ্গে খেলবে এশিয়া কাপ ফাইনাল। হারলেই টুর্নামেন্ট শেষ। ভাগ্য যেন একটু হলেও পাশে ছিল বাংলাদেশের, টসে জিতে অধিনায়ক জাকের আলী অনিক বেছে নিয়েছেন বোলিং। শুরুতে ব্যাট হাতে নামছে পাকিস্তান।
লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের। তবে আজ উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন নুরুল হাসান সোহান। একাদশে এসেছে তিন পরিবর্তন-দলে ফিরেছেন সোহান, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। পাকিস্তান অবশ্য আগের একাদশই অপরিবর্তিত রেখেছে।
বাংলাদেশের সুপার ফোর যাত্রা ছিল উত্থান-পতনের। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে, আবার ভারতের বিপক্ষে ব্যাটিং ধস নামিয়েছে হারের কারণ। পাকিস্তানের ছবিটাও একই রকম-ভারতের বিপক্ষে দু’বার হেরে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় তাদের টিকিয়ে রেখেছে ফাইনালের দৌড়ে।
কিছুদিন আগেই পাকিস্তানকে হারিয়ে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসই আজ বড় প্রেরণা হতে পারে। তবে শাহীন আফ্রিদি ও হারিস রউফের মতো গতিময় বোলিং আক্রমণ সামলানোই হবে বড় চ্যালেঞ্জ।
দুই দলের একাদশ-
বাংলাদেশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।










Discussion about this post