বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সৌদি আরব। ফুটবলের পর এবার ক্রিকেটের উন্নয়নেও বড় পরিসরে এগোতে চাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। সেই লক্ষ্যেই তারা বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটার ও কোচদের দিকে নজর দিয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সৌদি আরব ক্রিকেট কর্তৃপক্ষ পুরুষ ও নারী ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ চেয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছিল। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়, প্রায় দুই মাস আগে এই প্রস্তাব আসে। বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, দেশের ক্রিকেটের ক্ষতি হতে পারে—এমন কোনো সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব নয়।
ক্রিকবাজকে দেওয়া বক্তব্যে বুলবুল জানান, সৌদি আরবের পক্ষ থেকে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি শুরুতেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, নিজের দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে অন্য দেশের ক্রিকেট উন্নয়নে সহায়তা করা দায়িত্বশীল সিদ্ধান্ত হতে পারে না।
সৌদি আরব বর্তমানে ‘ভিশন ২০৩০’কে সামনে রেখে ক্রীড়াঙ্গনে বিপুল বিনিয়োগ করছে। ফুটবলে তারা এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইউরোপের শীর্ষ লিগ মাতানো একাধিক তারকা ফুটবলার সৌদি প্রো লিগে খেলছেন। পাশাপাশি ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় তাদের ক্রীড়া পরিকল্পনা আরও দৃঢ় হয়েছে।
এই ধারাবাহিকতায় ক্রিকেটকেও বিশ্বমুখী করতে চায় সৌদি আরব। নতুন অবকাঠামো গড়া, আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি এবং অভিজ্ঞ জনবল যুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। তবে বাংলাদেশের ক্ষেত্রে সেই প্রচেষ্টা সফল হয়নি। বিসিবির স্পষ্ট অবস্থান দেশীয় ক্রিকেট কাঠামো রক্ষার বিষয়টিকেই সামনে এনেছে।










Discussion about this post