অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার অনুপস্থিতি নিয়ে ছিল আলোচনা, আর ম্যাচ শুরুর আগে সেই রহস্যের জবাব দিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসের সময় শান্ত জানান, কনকাশন-সংক্রান্ত জটিলতার কারণেই শেষ ম্যাচে খেলতে পারছেন না মিরাজ।
শান্ত বলেন, ‘দূর্ভাগ্যবশত মিরাজ কনকাশনের জন্য খেলছে না। (সে) সুস্থ আছেন। তবে চিকিৎসাগত কিছু ব্যাপার আছে এখনও। চিকিৎসকরা মনে করছে, তার আরও কিছুদিন বিশ্রামের প্রয়োজন।’ এর আগে সৌম্য সরকার জানান, মিরাজ সুস্থ আছেন এবং দলের সঙ্গে যোগ দিয়েছেন।
গত বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের ৩৪তম ওভারে ন্যাথান এলিসের একটি বাউন্সার সরাসরি আঘাত হানে মিরাজের হেলমেটে। আঘাত পাওয়ার পরও ম্যাচ ছেড়ে যাননি তিনি। বরং শেষ পর্যন্ত মাঠে থেকে দলের ৫ উইকেটের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখেন। তবে ম্যাচ শেষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল বাংলাদেশ অধিনায়ককে। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। এরপর দলের সঙ্গেও যোগ দেন তিনি। শনিবার অনুশীলনেও উপস্থিত ছিলেন মিরাজ। তবে ব্যাটিং-বোলিং বা ওয়ার্মআপে অংশ না নেওয়ায় তখনই তার খেলা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল।
সেই সংশয়ই শেষ পর্যন্ত সত্যি হলো। চিকিৎসকদের পরামর্শ মেনে ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে সিরিজের শেষ ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পড়েছে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধে।
মিরাজের অনুপস্থিতিতে একাদশে জায়গা পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। দীর্ঘ সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটার সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে, আর সেই ম্যাচটিও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষেই।
সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামা দলের জন্য মিরাজের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা। তবু স্বস্তির খবর হলো, বাংলাদেশ অধিনায়কের অবস্থা গুরুতর নয়। চিকিৎসকদের পরামর্শ মেনে কিছুদিন বিশ্রামের পরই আবারও মাঠে ফেরার অপেক্ষায় থাকবেন তিনি।










Discussion about this post