বিপিএলের নিলাম কয়েকবার পেছানোর পর শেষ পর্যন্ত আগামীকাল রোববার বসতে যাচ্ছে ক্রিকেটার বাছাই পর্ব। এর ঠিক আগের দিন স্থানীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকা প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুই পরিচিত মুখের অনুপস্থিতি, জাতীয় দলে খেলা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতকে নিলামের তালিকায় রাখা হয়নি।
বিসিবি আগে ঘোষণা দিয়েছিল, গত আসরে ফিক্সিং সন্দেহে থাকা ক্রিকেটারদের এখানকার তালিকায় রাখা হবে না। সেই নির্দেশনার ধারাবাহিকতায় বাদ পড়েন এই দুজন, যারা আগে ‘সি’ ক্যাটাগরিতে নিবন্ধিত ছিলেন এবং যাদের ভিত্তিমূল্য ছিল ২২ লাখ টাকা।
চূড়ান্ত তালিকায় এবার নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। আগের তালিকায় না থাকলেও এবার ‘সি’ ক্যাটাগরিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অপেক্ষমান তালিকার তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছেন দেশের ১৭ জন ক্রিকেটার। এই তালিকায় উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে আছেন আফিফ হোসেন, এবাদত হোসেন, মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানা এবং মাহমুদুল হাসান জয়।
সব মিলিয়ে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে ১৫৯ জন দেশীয় ক্রিকেটারের। সর্বোচ্চ গুরুত্বের ‘এ’ ক্যাটাগরিতে আছেন মাত্র দুইজন-লিটন দাস ও নাঈম শেখ। ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ এবং সবচেয়ে বেশি ৬৩ জন রয়েছেন ‘এফ’ ক্যাটাগরিতে।
দলগুলোকে নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিটি ক্যাটাগরি থেকে নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় নিতে হবে, ‘এ’ ও ‘বি’ থেকে দুইজন করে, ‘সি’ ও ‘ডি’ থেকে ছয়জন, ‘ই’ থেকে তিনজন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন খেলোয়াড়।
এর আগে দেশি ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিমূল্য নির্ধারণ করেছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরির মূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ, ‘সি’ ২২ লাখ, ‘ডি’ ১৮ লাখ, ‘ই’ ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১১ লাখ টাকা।










Discussion about this post