বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর। সিলেট পর্ব দিয়ে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। ২৮ দিনের এই টুর্নামেন্টে লিটন দাস, তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদের মতো জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা অংশ নিলেও পুরো আসরজুড়ে তাদের টানা খেলার সম্ভাবনা কম। কারণ, বিপিএল শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপের প্রথম দিনেই, ৭ ফেব্রুয়ারি, বাংলাদেশের ম্যাচ থাকায় ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ পড়ার শঙ্কা রয়েছে। এই টানা ব্যস্ততা সামাল দিতেই বিপিএলে ‘কন্ট্রোলড ইউজ’ নীতিতে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লক্ষ্য একটাই, ফ্র্যাঞ্চাইজি লিগের উত্তাপ বজায় রেখেও বিশ্বকাপে যেন দলের সেরা ক্রিকেটাররা পুরোপুরি ফিট থাকেন।
মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, পুরো বিপিএল জুড়ে জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোড আলাদা করে পর্যবেক্ষণ করা হবে। বোর্ডের পক্ষ থেকে একজন ট্রেনার টুর্নামেন্টজুড়ে এই দায়িত্ব পালন করবেন। নিয়মিত খেলোয়াড়দের শারীরিক চাপ জিপিএসের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে এবং কোনো ক্রিকেটার রেড জোনে চলে গেলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হবে, যাতে তাকে বিশ্রাম দেওয়া যায়।
এই নীতির আওতায় তাসকিন আহমেদের মতো পেসারদের ক্ষেত্রে টানা ম্যাচ খেলার বিষয়টি সীমিত রাখা হবে। একইভাবে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সে জন্য জাতীয় দলের ফিজিও এবং ফ্র্যাঞ্চাইজির ফিজিওরা সমন্বিতভাবে কাজ করবেন। পুরো প্রক্রিয়াটি বাইরের থেকে মনিটর করা হবে এবং জাতীয় দলের ফিজিও-ট্রেনাররা সার্বক্ষণিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ রাখবেন।
এবারের বিপিএলে খেলোয়াড়দের দলবদলেও চোখ পড়ার মতো বিষয় রয়েছে। সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্স দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয়কে দলে ভিড়িয়েছে এবং একই দল ৭০ লাখ টাকায় কিনেছে লিটন দাসকে। তাসকিন আহমেদ খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে, যাদের সঙ্গে তার চুক্তি হয়েছে সরাসরি।
দ্বাদশ আসরের বিপিএলে নতুন দল হিসেবে অভিষেক হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের। তবে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে দেখা যাবে না এবারের আসরে। পাশাপাশি সাকিব আল হাসান ও তামিম ইকবালও থাকছেন না এই বিপিএলে।










Discussion about this post