টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে সক্রিয়ভাবে কাজ করছে আইসিসি। পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণায় বড় ধরনের সংকটে পড়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তবে সাম্প্রতিক আলোচনায় ইঙ্গিত মিলছে, শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে পাকিস্তান।
এই আলোচিত ইস্যুতে আপাতত আইসিসির দিকেই তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা স্পষ্ট করে জানান, বোর্ড আইসিসির নির্দেশনার বাইরে কিছু ভাবছে না। তিনি বলেন, ‘আইসিসি যা নির্দেশনা দেবে, আমরা সেই অনুযায়ী এগোব। বিসিসিআইয়ের এখানে বলার কিছু নেই। আইসিসির নির্দেশনা আমরা মানব।’
পাকিস্তানের বর্জনের ঘোষণার পর পরিস্থিতি সামাল দিতে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। যদিও বৈঠকের সিদ্ধান্ত নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে একাধিক সূত্রের দাবি, পাকিস্তান এই ইস্যুতে নমনীয় অবস্থান নিতে যাচ্ছে।
বাংলাদেশের সমর্থনে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্ট, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি শর্ত পূরণ হলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। বৈঠকে এই শর্তগুলোর বিষয়ে ইমরান খাজাকে আশ্বস্ত করেছেন পিসিবি চেয়ারম্যান নাকভি।
পিসিবির উত্থাপিত শর্তগুলোর মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে রাজস্ব বৃদ্ধি, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালু করা এবং ভারত–পাকিস্তান ম্যাচে করমর্দন ফিরিয়ে আনা। এই তিন শর্তের মধ্যে দুটি ভারতের কাছে এবং একটি আইসিসির কাছে উপস্থাপন করেছে পিসিবি।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পরই ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিলেন নাকভি। তবে ইমরান খাজার সঙ্গে আলোচনার পর পরিস্থিতি বদলাতে পারে বলেই ধারণা করা হচ্ছে। আজ পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যানের। সেই আলোচনার পরই ভারত ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।










Discussion about this post