পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১ সালের বিশ্বকাপকে সামনে রেখে দ্রুত এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা এখন আরও জোরালোভাবে সামনে এসেছে।
বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির নেতৃত্বে থাকা তামিম ইকবাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্টরা গতকাল স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন। সেখানে গিয়ে তারা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এই স্টেডিয়ামকে ঘিরে নতুন ভাবনায় শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রাথমিক নকশায় পরিবর্তন আনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা, যা প্রয়োজনের ভিত্তিতেই করা হবে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম ইকবাল বলেন, ‘এটা অনেক বড় প্রোপার্টি, আমাদের টার্গেট থাকবে ক্রিকেটের সাথে যেন কিছু কিছু খেলাকে যদি যোগ করে নিতে পারি, এটা আমাদের খেলাধুলার জন্য ভালো হবে। ক্রিকেট বোর্ডের অবস্থান অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো, আর্থিকভাবে, এটা আমাদেরও দায়িত্ব, খেলাধুলার যত্ন নেওয়া। এটা মাননীয় মন্ত্রী খুব সুন্দর করে বলেছেন, কোন কোন খেলাকে আনা দরকার। যারা ডিজাইন করেছেন তাদের সাথে আলোচনা করব, যদি দরকার হয় অন্য কারও সাথে কথা বলা দরকার হয়, তাহলে এনএসসির সাথে একসাথে মিলে, কারণ এখানে সরকারের অনেক বড় বিনিয়োগ দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই।’
একই বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, ‘আমাদের এই পূর্বাচলের ক্রিকেট স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত মাঠটি, এখানে তো ক্রিকেট স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে বিভিন্ন খেলার পারপাস সার্ভ করার পরিকল্পনা রয়েছে। এখানে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ, উর্ধ্বতন কর্মকর্তাসহ সবার সাথে বসেছি, তারা পুরো বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা এই পূর্বাচলে একটি ক্রিকেট স্টেডিয়াম, সাথে মাল্টিপারপাস বিভিন্ন খেলার সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে, সরকারের পক্ষ থেকে পদক্ষেপগুলো খুব দ্রুত সময়ে নিব ইনশাআল্লাহ।’










Discussion about this post