মিরপুর টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনটি হয়ে উঠল বাংলাদেশের জন্য ধৈর্যের বড় পরীক্ষা। দিনের শুরুতেই দ্রুত উইকেট তুলে নিয়ে আইরিশ ব্যাটিংকে চাপে ফেললেও, সেশন বাড়িয়ে আরও ২০ মিনিট খেলিয়েও শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে অলআউট করতে পারল না টাইগাররা। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর, অর্থাৎ ১১টা ৫০ মিনিটে লাঞ্চে যাওয়ার সময় তাদের স্কোর ৮ উইকেটে ২৬৩।
দিনের শুরুতেই তাইজুল ইসলামের বলে অ্যান্ডি ম্যাকব্রাইন এলবিডব্লিউ হয়ে ফেরেন মাত্র ২১ রানে। এই উইকেটেই তাইজুল টেস্টে দেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে দেন। এর কিছুক্ষণ পর মেহেদী হাসান মিরাজ বোল্ড করে ফেরান জর্ডান নেইলকে। বাংলাদেশ তখন মনে করেছিল সেশনেই হয়তো শেষ হয়ে যাবে আইরিশ ইনিংস। কিন্তু সেখানেই স্থিরতা দেখান কার্টিস ক্যাম্ফার।
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেওয়া ক্যাম্ফার লাঞ্চ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৩ রানে। তাকে জুটি বেঁধে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন গ্যাভিন হোয়ে, যিনি ১৮ রানে অপরাজিত থেকে বাংলাদেশের স্পিন-বোলিং আগ্রাসন সামলে ক্রিজে টিকে থেকেছেন। এই জুটিরই দৃঢ়তায় বাংলাদেশের বোলারদের প্রচেষ্টা বারবার থেমে গেছে।
৪৭৬ রানের প্রথম ইনিংস আর দ্বিতীয় ইনিংসে ২৯৭ রানে ইনিংস ঘোষণা, পুরো ম্যাচ বাংলাদেশ নিয়ন্ত্রণ করেছে। ৫০৯ রানের বিশাল লক্ষ্য সামনে রেখে আয়ারল্যান্ডের জয়ের প্রশ্ন নেই বললেই চলে। চার দিন শেষেই ৬ উইকেটে ১৭৬ রানে থেমে যাওয়া তাদের ব্যাটিং আজ আরও টিকে থাকার লড়াইয়ে রূপ নিয়েছে!
মুশফিকের শততম টেস্টে জয় এখন সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের!










Discussion about this post