কখনো জাতীয় দলের অন্যতম ভরসা ছিলেন, এখন ঘরোয়া ক্রিকেটেই যেন নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছেন নাসির হোসেন। জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুরকে ফাইনালে তোলার পর আবারও জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন এই অলরাউন্ডার।
চট্টগ্রামের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই দায়িত্ব নেন নাসির। ওপেনার হিসেবে মাঠে নেমে জাহিদ জাভেদের সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে দেন তিনি। ২৮ বলে ৩৫ রান করে জাহিদ আউট হলেও অপরপ্রান্তে থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন নাসির। তার ৪১ বলে ৫৪ রানের ইনিংসে ছিল পরিণত ব্যাটিংয়ের ছাপ-যা অনেকটা সেই পুরোনো নাসিরকেই মনে করিয়ে দেয়।
দুই ওপেনারের বিদায়ের পর কিছুটা সময়ের জন্য ছন্দ হারায় রংপুরের ইনিংস। তবে শেষ দিকে অধিনায়ক আকবর আলীর ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে খুব একটা বড়াই না করলেও, জাতীয় দলে ফেরার স্বপ্নটা লুকাননি নাসির। গণমাধ্যমকে তিনি বলেন, ‘দেখুন, বিপিএল নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা নেই। যদি দল পাই, খেলব; না পাইলে খেলব না। তবে জাতীয় দলে ফেরাটা এখনো আমার কাছে বড় লক্ষ্য। যেখানে খেলি না কেন, পারফর্ম করার চেষ্টা করি। যদি কপালে থাকে, অবশ্যই আবার জাতীয় দলের জার্সি পরে খেলব।’
জাতীয় দলের বাইরে থাকলেও মানুষের ভালোবাসা এখনও যে আগের মতোই আছে, সেটিও অনুভব করেন তিনি, ‘ফ্যান তো এমনি এমনি হয় না। মানুষ আমাকে ভালোবাসে কারণ আমি পারফর্ম করেছি। আমি চেষ্টা করছি সেই জায়গাটা ধরে রাখতে।’
ঘরোয়া ক্রিকেটে এমন পারফরম্যান্সের পর এখন তাঁর সামনে বড় চ্যালেঞ্জ-ফাইনাল। ১২ অক্টোবর খুলনার বিপক্ষে মাঠে নামবে রংপুর। শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই এখন প্রস্তুতি নিচ্ছেন নাসির, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নামব। খুলনা শক্তিশালী দল, কিন্তু ফাইনালে যেদিন যে দলটা কম ভুল করবে, জয়টা তারাই পাবে।’










Discussion about this post