এশিয়া কাপে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব যেন খুঁজেই পাচ্ছেন না রান করার পথ। টুর্নামেন্টে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে।
ভারত ও ওমানের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই প্রথম বলেই সাজঘরে ফিরেছিলেন তিনি। বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম বল উতরালেও দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন। এর ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে (৪২ ম্যাচে) অষ্টমবারের মতো শূন্য রান করলেন সাইম।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে টানা তিন ম্যাচে শূন্য রানে ফেরার তালিকায় সাইম এখন ষষ্ঠ ব্যাটার। এর আগে একই পরিণতি ভোগ করেছিলেন আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), ইমানুয়েল সাবেরিম (রোয়ান্ডা), কুশাল ভুর্টেল (নেপাল), চালোয়েমওং চাটফাইসান (থাইল্যান্ড) ও আর্নাভ মানোজ (সিঙ্গাপুর)।
সব মিলিয়ে ৫৬ জন ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচে শূন্য রানে ফিরেছেন। তবে সবচেয়ে ব্যতিক্রম শ্রীলঙ্কার দাসুন শানাকা, যিনি দুইবার এমন হ্যাটট্রিক শূন্যের রেকর্ড গড়েছেন।
সাইমের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চার ইনিংসে শূন্য রানে ফেরার রেকর্ড আছে চার ক্রিকেটারের। সেই তালিকায় আছেন পাকিস্তানের আবদুল্লাহ শফিকও। পরের ম্যাচে ব্যর্থ হলে সেই অস্বস্তিকর তালিকায় যোগ হতে পারেন সাইমও।
তবে দলীয় দিক থেকে দিনটা পাকিস্তানের জন্য খারাপ যায়নি। ম্যাচ রেফারিকে ঘিরে তৈরি হওয়া নাটকীয়তার পর খেলা শুরু হয় এক ঘণ্টা দেরিতে। সেখানে ব্যাটে লড়াই জমাতে না পারলেও (১৪৭ রান), বল হাতে নিয়ন্ত্রণ ধরে রেখে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারায় বাবর আজমের দল। এ জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান, যেখানে আগেই জায়গা করে নিয়েছে ভারত।










Discussion about this post