বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে নতুন মোড় যোগ করলেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি আজ পরিচালক পদে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তবে এই পদক্ষেপ নিতে গিয়ে ছাড়তে হয়েছে নির্বাচকের দায়িত্ব। আজই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবিও।
রাজ্জাক বলেন, ‘দেশের ক্রিকেটে অনেকভাবে কাজ করা যায়। এতদিন নির্বাচক হিসেবে ছিলাম, এবার জেলা ও বিভাগীয় পর্যায়ে উন্নয়নে অবদান রাখতে চাই। ক্রিকেটের সঙ্গেই থাকব।’
২০২১ সালে নির্বাচক কমিটিতে যোগ দেন তিনি। সেই থেকে মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার, গাজী আশরাফ হোসেন ও সর্বশেষ হাসিবুল হোসেনের সঙ্গে কাজ করেছেন। তার বিদায়ে আবারও দুই সদস্যের হাতে দায়িত্ব থাকছে এই কমিটি।
৪৩ বছর বয়সী রাজ্জাক জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি। একসময় ওয়ানডেতে ২০৭ উইকেট নিয়ে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। হ্যাটট্রিকের কীর্তিও রয়েছে তার ঝুলিতে।
খুলনা বিভাগ থেকে এবার দুজন পরিচালক নির্বাচিত হবেন। তবে সেখানে মনোনয়নপত্র জমা পড়েছে তিনটি। ফলে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠারই ইঙ্গিত মিলছে। বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর।










Discussion about this post