স্পেনের মাদ্রিদে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’। সোমবার রাতে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক পুরস্কার, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন টেনিসের দুই তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা।
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন কার্লোস আলকারাজ। গত বছরটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় হিসেবে ধরা হচ্ছে। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জয়ের পাশাপাশি চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের আধিপত্য আরও দৃঢ় করেন এই স্প্যানিশ তারকা। ঘরের মাঠে লরিয়াস ট্রফি জয়ের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, কেন তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।
নারী বিভাগে বর্ষসেরা হয়েছেন আরিনা সাবালেঙ্কা। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই বেলারুশিয়ান তারকা গত বছর টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন। তার পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এই স্বীকৃতি।
দলীয় ক্যাটাগরিতে সবাইকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছে প্যারিস সেন্ট জার্মেই। ২০২৫ সালে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্বে ফরাসি এই ক্লাবকে দেওয়া হয়েছে সম্মাননা।
এদিকে বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ হয়েছেন লামিন ইয়ামাল, যিনি অল্প বয়সেই ফুটবল বিশ্বে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। অন্যদিকে ফর্মুলা ওয়ানের তারকা ল্যান্ডো নরিস জিতেছেন ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ পুরস্কার।
কামব্যাক অব দ্য ইয়ার হয়েছেন গলফার ররি ম্যাকিলরয়, যিনি সম্প্রতি দ্য মাস্টার্স শিরোপা ধরে রেখে দারুণ প্রত্যাবর্তনের নজির গড়েছেন। জার্মান ফুটবল কিংবদন্তি টনি ক্রুস পেয়েছেন ‘স্পোর্টিং ইনস্পিরেশন’ অ্যাওয়ার্ড, আর জিমন্যাস্টিকসের কিংবদন্তি নাদিয়া কোমানেচিকে সম্মান জানানো হয়েছে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ এবং ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু। পুরো আয়োজনটি ক্রীড়া বিশ্বের সেরা তারকাদের মিলনমেলায় পরিণত হয়ে এক স্মরণীয় রাতের জন্ম দেয়।










Discussion about this post