দুর্দান্ত খেললেন দু’জন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) উজ্জ্বল পারফরম্যান্স শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। পেশোয়ার জালমির জার্সিতে তাদের ধারাবাহিক সাফল্য শুধু দলের জন্যই নয়, সমর্থকদের কাছেও তৈরি করেছে আলাদা প্রত্যাশা।
এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন তিন ক্রিকেটার-শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা। নতুন বলে একের পর এক ম্যাচে দলের অধিনায়ক বাবর আজমের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন শরিফুল। অন্যদিকে মাঝের ওভারগুলোতে গতি দিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছেন নাহিদ রানা। এই পেস জুটির কার্যকারিতায় মুগ্ধ ছিল জালমির সমর্থকরা।
তাদের পারফরম্যান্সের গুরুত্ব বিবেচনায় ১৩ এপ্রিলের ম্যাচে খেলানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এক দিনের জন্য এনওসির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল পেশোয়ার জালমি। অনুমোদন পাওয়ার পর ওই ম্যাচ খেলিয়েই দুই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শরিফুল ইসলাম তুলে ধরেন তার অভিজ্ঞতা ও অনুভূতি। সতীর্থ নাহিদ রানার প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘দুইজনের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। রানা অনেক ভালো করেছে মাশাআল্লাহ। কাজ সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ, উইকেট আরেকটু বেশি পেলে ভালো হত।’
পাকিস্তানে আতিথেয়তা প্রসঙ্গে শরিফুল সন্তুষ্টির সুরেই জানান, ‘খুব ভালো ছিল।’ বিমানবন্দরে তার সঙ্গে থাকা বড় ব্যাগ নিয়ে কৌতূহল দেখা দিলে তিনি পরিষ্কার করে বলেন, ‘না খেলার জিনিস। গিফটের না।’
এদিকে চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে পেশোয়ার জালমি। এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচটি জয় পেয়েছে দলটি, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ১১ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে।










Discussion about this post