ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামে।
সিরিজকে সামনে রেখে দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তুলনামূলকভাবে সাশ্রয়ী পর্যায়ে। মাঠে বসে খেলা দেখতে সর্বনিম্ন ১৫০ টাকায় টিকিট পাওয়া যাবে। অন্যদিকে সবচেয়ে দামি টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা।
ইস্টার্ন বা পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ১৫০ টাকা। পশ্চিম গ্যালারিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ২৫০ টাকা। শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
এ ছাড়া যারা অপেক্ষাকৃত উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন আসনে বসে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য প্যাভিলিয়ন এন্ডের রুফটপ, গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব এবং গ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিমের টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা।
দর্শকদের সুবিধার্থে অনলাইনেও টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। ফলে ঘরে বসেই সিরিজের ম্যাচগুলোর টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সংস্করণেও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দলে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।
অন্যদিকে মিচেল মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়া দলেও রয়েছে বেশ কয়েকজন পরিচিত মুখ। স্কোয়াডে আছেন টিম ডেভিড, জশ ইংলিস, অ্যাডাম জাম্পা, নাথান এলিস, অ্যারন হার্ডি, স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথসহ আরও কয়েকজন ক্রিকেটার।










Discussion about this post