জোহানেসবার্গ টেস্টে গ্যালারিতে বারবার উচ্চারিত হয়েছে ইবাদত হোসেনের নাম। দর্শকেরা স্লোগান দিয়ে তাকে বোলিংয়ে দেখতে চাইলেও দীর্ঘ সময় বল হাতে দেখা যায়নি বাংলাদেশের এই পেসারকে। এমনকি দ্বিতীয় দিনের শেষ বিকেলের পর তৃতীয় দিনের প্রথম সেশনেও বোলিংয়ের সুযোগ পাননি তিনি। ইবাদতকে কেন আক্রমণে আনা হয়নি, সেই ব্যাখ্যা দিয়েছেন তাসকিন আহমেদ। তার কথায়, পরিকল্পনা ছিল লাঞ্চের পর ইবাদতকে বোলিংয়ে আনার। কিন্তু তার আগেই বৃষ্টি নেমে যাওয়ায় সেটি আর সম্ভব হয়নি।
ব্যাটিং শক্তি বাড়াতে এই টেস্টে চার বোলার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সেই পরিকল্পনায় একাদশে জায়গা পেয়েছেন ইবাদতও। কিন্তু দ্বিতীয় দিন দুই স্পেলে মোট ৭ ওভার বোলিং করে ৩৬ রান দেওয়ার পর আর বল হাতে দেখা যায়নি তাকে। অথচ ওই সময় বাংলাদেশের হয়ে অনিয়মিত বাঁহাতি স্পিনার মুমিনুল হকও ১৪ ওভার বোলিং করেছেন। ভেঙেছেন মার্কাস অ্যাকারম্যান ও জুবাইর হামজার ২০২ রানের জুটি।
ইবাদতকে বোলিংয়ে না দেখে একপর্যায়ে গ্যালারি থেকে ‘উই ওয়ান্ট ইবাদত’ স্লোগানও দিতে শুরু করেন দক্ষিণ আফ্রিকার দর্শকেরা। দ্বিতীয় দিনের বিকেলে শোনা যায়, ‘ইবাদত… ইবাদত… ইবাদত’ ধ্বনি। তবে দর্শকদের সেই দাবি পূরণ হয়নি। সোমবার তৃতীয় দিনের প্রথম সেশনের ২৮ ওভারেও বোলিংয়ের সুযোগ পাননি এই পেসার।
এদিকে ইবাদতের বোলিং না করার পেছনে চোটের আশঙ্কাও প্রকাশ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন। তবে ইবাদত মাঠে ফিল্ডিং করেছেন। ফলে তার চোটের কারণে বোলিং না করার বিষয়টি নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে ইবাদতকে বোলিংয়ে না আনার কারণ জানতে চাইলে তাসকিন ম্যাচের পরিস্থিতি ও উইকেটের আচরণের কথা তুলে ধরেন। তার মতে, উইকেট এতটাই ব্যাটিংবান্ধব যে বোলারদের সামান্য ভুলেও রান তুলে নিচ্ছেন ব্যাটসম্যানরা। তাসকিন বলেন, ‘একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, একটু এদিক-ওদিক হলেই রান হয়ে যাচ্ছে। খুব ভালো ব্যাটিং উইকেট এটা। তাই মার্জিন খুব ছোট। গতকাল দূর্ভাগ্যবশত স্পিনাররা ভালো করতে পারেনি। আজকে কিন্তু মিরাজ ভালো শুরু করছে। ও ভালো শুরু করায়, নতুন বল নেওয়ার পর দ্রুত উইকেট গেছে।’
তাসকিন আরও যোগ করেন, ‘এখানে বোলারদের মার্জিনটা খুবই ছোট। আমরাও একদিনে ৪০০ রানের কাছাকাছি করেছিলাম। এটাই আর কি! মার্জিন যেহেতু ছোট, হয়তো ক্যাপ্টেন চিন্তা করেছে, যেহেতু স্পিনাররা দুই পাশ থেকে ভালো করছে, নতুন বল নেওয়ার পরে (ইবাদত) আসবে। হয়তো কিছুক্ষণের মধ্যে ও আসতো বোলিংয়ে। তো লাঞ্চের পরে ওর আসার কথা ছিল। তখন তো বৃষ্টি নেমে গেল।’



