অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মাধ্যমে প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে ফিরলেন বাঁহাতি এই ব্যাটার।
সৌম্য সরকারের সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৪ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পাওয়ায় তিনি তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারেননি। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের টি-টোয়েন্টি পরিকল্পনার বাইরে থাকলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), এনসিএল টি-টোয়েন্টি এবং গ্লোবাল সুপার লিগের (জিএসএল) মতো স্বীকৃত টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিয়মিত খেলেছেন।
সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন সৌম্য। অফফর্মে থাকা সাইফ হাসানের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়ে ৪২ রান করেন তিনি। তবে সিরিজের শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।
সৌম্যকে দলে নেওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করেনি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে, অধিনায়ক লিটন দাসের চোট-শঙ্কার কারণেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ে চোট পেয়ে ব্যাটিং অসমাপ্ত রেখেই মাঠ ছাড়েন লিটন। পরে ব্যাট করতে নেমে ফিফটি পেলেও তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় এবং উইকেটকিপিংয়েও নামেননি তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। বাংলাদেশের হয়ে তিনি এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৭.৮২ গড়ে ও ১২২.১৩ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ১,৪৬২ রান। এই সংস্করণে তার রয়েছে পাঁচটি অর্ধশতক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৯ ও ২১ জুন। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক),সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।










Discussion about this post