মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সাংবাদিকদের প্রবেশে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে নির্দিষ্ট কিছু কার্যক্রম ছাড়া সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না এবং প্রবেশের জন্য একমাত্র নির্ধারিত পথ হিসেবে ১ নম্বর গেট ব্যবহার করতে হবে।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের প্রাঙ্গণে চলমান নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবেই এই সংশোধিত প্রবেশবিধি চালু করা হয়েছে।
এই নিয়ম স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সবার জন্যই প্রযোজ্য হবে, যার মধ্যে ক্রীড়া সাংবাদিকরাও অন্তর্ভুক্ত। এর ফলে গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত কোনো অনুষ্ঠান এবং বিসিবি কর্তৃক আগেভাগে জানানো নির্দিষ্ট অনুশীলন বা প্রশিক্ষণ সেশন কাভার করার ক্ষেত্রেই সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এর বাইরে সাধারণ দিনে বা নিজ উদ্যোগে মাঠে গিয়ে কাজ করার সুযোগ আর থাকছে না।
বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্টেডিয়াম ও বিসিবির অফিস এলাকায় নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। নতুন এই নিয়ম এখন থেকেই কার্যকর হবে এবং সাংবাদিকদের বিসিবির নির্ধারিত নির্দেশনা অনুসরণ করেই দায়িত্ব পালন করতে হবে।










Discussion about this post