২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে বেশ চ্যালেঞ্জিং গ্রুপে। ‘সি’ গ্রুপে লিটন দাসের দলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, পাশাপাশি নেপাল ও ইতালি। ইতোমধ্যে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলোর টিকিটমূল্য প্রকাশ করেছে আইসিসি, যা নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
বিশ্বকাপের প্রথম দিন, ৭ ফেব্রুয়ারি ক্যারিবীয় শক্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। গ্রুপপর্বে বাংলাদেশ মোট চারটি ম্যাচ খেলবে। এর মধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে ভক্তদের আগ্রহ সবচেয়ে বেশি।
গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
ইডেন গার্ডেনে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৫ টাকা। এই মূল্যে ইডেন গার্ডেনের সি-১, ডি-১, এফ-১, জি-১, এইচ-১ ও কে-১ ব্লকে বসে খেলা দেখার সুযোগ মিলবে। ডি, জি, এইচ ও জে ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ রুপি, আর সি, এফ ও কে ব্লকের টিকিট কিনতে লাগবে ১০০০ রুপি। বি ও এল ব্লকের টিকিটের মূল্য ১৫০০ রুপি নির্ধারণ করা হয়েছে। যারা প্রিমিয়াম সুবিধা নিতে চান, তাদের জন্য হসপিটালিটি টিকিটের দাম ধরা হয়েছে ৫০০০ রুপি।
কলকাতায় ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ইতালি ম্যাচ। এই ম্যাচে তুলনামূলক কম দামে খেলা দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য। আপার ব্লকের বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লকের টিকিটের দাম মাত্র ১০০ রুপি। লোয়ার ব্লক সি, ডি, ই, এফ, জি, এইচ, জে ও কে ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২০০ রুপি। বি ও এল ব্লকের টিকিটের জন্য গুনতে হবে ১০০০ রুপি। এই ম্যাচের জন্য প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার রুপি।
মুম্বাইয়ের ওয়ানখেড়েতে নেপালের বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচের পূর্ণাঙ্গ টিকিট তালিকা এখনও প্রকাশ করা হয়নি। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ম্যাচে সর্বনিম্ন ২৫০ রুপিতে খেলা দেখা যাবে। এ পর্যন্ত ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিটমূল্যই পূর্ণাঙ্গভাবে প্রকাশ পেয়েছে।
এদিকে বিশ্বকাপের সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে তুলনামূলক বেশি। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এ বসতে লাগবে ৩ হাজার রুপি, এফ ও কে ব্লকের টিকিটের দাম ২ হাজার ৫০০ রুপি এবং ডি, ই, জি, এইচ ও জে ব্লকের জন্য ১ হাজার ৫০০ রুপি। আপার ব্লকের টিকিট পাওয়া যাবে ৯০০ রুপিতে।
বিশ্বকাপের প্রথম দিনে, ৭ ফেব্রুয়ারি মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারত লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে। ভারতের ভেন্যুগুলো হলো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম। শ্রীলঙ্কায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম এবং সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।










Discussion about this post