বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে খেলোয়াড় নিলাম। আগে নির্ধারিত ছিল ১৭ নভেম্বর। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নিলামের নতুন তারিখ ২১ নভেম্বর। সূচি পরিবর্তনের কারণ-একই সময়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ।
বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএল গভর্নিং কাউন্সিল চাইছিল নিলামটি আয়োজন করতে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে। কিন্তু ওই সময়েই মিরপুরে চলবে দ্বিতীয় টেস্ট, যার কারণে বিসিবির অনেক কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্ট যুক্ত থাকবেন ম্যাচ কার্যক্রমে। তাই ১৭ নভেম্বর নিলাম আয়োজন করা সম্ভব হচ্ছিল না। অবশেষে চার দিন পিছিয়ে ২১ নভেম্বর দুপুর ৩টায় নির্ধারিত হয়েছে সময়।
সিলেটে বর্তমানে চলছে সিরিজের প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। ফলে টেস্টের চতুর্থ দিনেই মাঠের বাইরে জমবে আরেকটি প্রতিযোগিতা-বিপিএলের নিলাম।
ড্রাফটের পরিবর্তে এবার নিলাম ব্যবস্থায় ফিরছে বিপিএল, যা শেষ হয়েছিল প্রায় এক দশক আগে। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নানা বিতর্কের পর ড্রাফট পদ্ধতি চালু করা হলেও এবার নতুনভাবে ফিরছে ‘বিডিং’ পদ্ধতি। দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা, আর বিদেশিদের ক্ষেত্রে ৩৫ হাজার মার্কিন ডলার।
নিলামটি অনুষ্ঠিত হবে ঢাকার একটি হোটেলে, যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দের ক্রিকেটারদের জন্য বিড করবে। বিসিবি আশা করছে, সময়সূচি কিছুটা বদলালেও এবারের বিপিএল অকশন হবে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পেশাদার, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।










Discussion about this post