দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির মাধ্যমে দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়া সব সাবেক অধিনায়ককে বিশেষ সুবিধার আওতায় আনছে বোর্ড। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালের হাত ধরে শুরু হলো এই নতুন অধ্যায়।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। সেখানে দেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের অধিনায়করা এক ছাদের নিচে উপস্থিত হন। মোট ৩২ জন অধিনায়ককে এই কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী অধিনায়ক রয়েছেন।
এই কার্ডের মাধ্যমে সাবেক অধিনায়কেরা আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএলের মতো টুর্নামেন্টে স্টেডিয়ামে প্রবেশের বিশেষ সুযোগ পাবেন। পাশাপাশি কোনো কার্ডধারী অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিমও তাদের জন্য সবসময় প্রস্তুত থাকবে, এজন্য আলাদা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না।
অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও আলোচনায় ছিলেন দেশের ক্রিকেটের কয়েকজন বড় নাম। অনুপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল।
তবে বিসিবি সভাপতি তামিম জানান, অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে তিনি নিজেই সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, ‘ক্যাপ্টেনস কার্ড আমন্ত্রণ করতে বুলবুল ভাইকে কল করেছিলাম কিন্তু উনার সঙ্গে কথা হয়নি। সাকিবকে কল করেছিলাম, কথা হয়েছে, বিদেশে থাকায় আসতে পারেনি। ম্যাশ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন। পাইলট ভাই, ফারুক ভাই ব্যস্ত থাকায় আসতে পারেননি।’
যারা অনুষ্ঠানে থাকতে পারেননি, তাদের কার্ড পৌঁছে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘দুর্জয় ভাইয়ের সঙ্গে কথা বলতে পারিনি। ভাবির সঙ্গে কথা হয়েছে । শুভকামনা জানিয়েছেন। এখানে যারা আছেন তারা কার্ড আজকেই নিতে পারছেন। যারা নেই তাদের বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে। যারা দেশের বাইরে তারা যখন আসবেন তখন তাদের কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে।’
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরেই সাবেক অধিনায়কদের জন্য আনুষ্ঠানিক স্বীকৃতির দাবি ছিল। সেই জায়গা থেকেই এই উদ্যোগকে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সাধারণ দর্শকের মতো নয়, যারা দেশের ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন, তাদের সম্মানজনকভাবে স্টেডিয়ামে স্বাগত জানাতেই এই কার্ড চালু করেছে বিসিবি।
বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে বিশেষ সংস্করণের এই প্রিভিলেজ কার্ড তুলে দেওয়া হয়েছে।










Discussion about this post