দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মকর্তাদের আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের দায়ে ইবাদতকে এই শাস্তি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য। এটি আচরণবিধির প্রথম স্তরের অপরাধ।
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে। ওই সময় ক্রিজে নিরাপদ অবস্থানে ফিরে আসা এক ব্যাটারের দিকে বিপজ্জনক ও অনুপযুক্তভাবে বল ছুড়ে মারেন ইবাদত। এ ঘটনায় তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
গত ২৪ মাসের মধ্যে এটিই ইবাদতের প্রথম অপরাধ। নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারিদের আইসিসি এলিট প্যানেলের সদস্য অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা ইবাদতের বিরুদ্ধে অভিযোগ আনেন।
এর ফলে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে বাংলাদেশের এই পেসারের শৃঙ্খলাজনিত রেকর্ডে।



