বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে নতুন কোনো মুখ আসছে না। নাজমুল হোসেন শান্তই থাকছেন লাল বলের দলের হাল ধরার দায়িত্বে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চলমান ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত শান্তই নেতৃত্ব দেবেন টাইগারদের।
২০২৩ সালে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে দল জিতেছে আত্মবিশ্বাস, পেয়েছে ধারাবাহিকতার ছোঁয়া।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘শান্ত দলের মধ্যে শান্তভাবই ছড়িয়ে দেয়। সে ধৈর্যশীল, পরিশ্রমী এবং খেলার গভীরতা বোঝে। বোর্ড মনে করে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য তার নেতৃত্বে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।’
অধিনায়ক হিসেবে আস্থা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শান্ত। তিনি বলেন, ‘বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি বোর্ডের বিশ্বাসের প্রতিদান দিতে চাই মাঠের পারফরম্যান্স দিয়ে। আমাদের দল তরুণ, উদ্যমী এবং প্রতিভায় ভরপুর-এখন শুধু নিজেদের সেরা সংস্করণটা তুলে ধরাই লক্ষ্য।’
এই মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন টেস্ট মৌসুম, যা একই সঙ্গে শান্তের নেতৃত্বে নতুন অধ্যায়েরও সূচনা।










Discussion about this post