সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে, শান্ত ইতোমধ্যেই নেতৃত্বে ফেরার বিষয়ে সম্মতি দিয়েছেন। কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই এখন বাকি।
গত জুনে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হারের পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। সেই সিরিজের পর বাংলাদেশ আর টেস্ট খেলেনি, ফলে অধিনায়কহীন অবস্থায় ছিল লাল বলের দল। টেস্টের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে বিসিবির ভেতরে নানা আলোচনা চলছিল-কারও নাম এল লিটন দাস, কারও মেহেদী হাসান মিরাজ। তবে শেষ পর্যন্ত বোর্ড আবারও ভরসা রাখল শান্তর ওপর।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ শুরু থেকেই শান্তকে রাজি করাতে চেষ্টায় ছিল। কিন্তু প্রথম দফায় তিনি দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে বোর্ডের এক সাবেক ক্রিকেটার, যিনি বর্তমানে পরিচালক হিসেবেও দায়িত্বে আছেন, ব্যক্তিগতভাবে তাকে রাজি করানোর উদ্যোগ নেন। কয়েক দফা আলোচনা শেষে শান্ত নেতৃত্বে ফেরার বিষয়ে ইতিবাচক সাড়া দেন।
বোর্ড সভাপতি আমিনুল ইসলাম শুক্রবার রাতে টি–টোয়েন্টি সিরিজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যকে নিয়ে এক বৈঠকে বসেন। সেখানেই টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শান্তর নাম চূড়ান্ত হয়। জানা গেছে, নেতৃত্বের মেয়াদ এবার দীর্ঘ মেয়াদি করার পরিকল্পনা রয়েছে বিসিবির।
নেতৃত্ব ছাড়ার পাঁচ মাস পর ফের টেস্ট দলের দায়িত্ব নিচ্ছেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণার পরই শুরু হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশের টেস্ট দলের নতুন অধ্যায়।










Discussion about this post