এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্বে এসেছে অপ্রত্যাশিত পরিবর্তন। নিয়মিত অধিনায়ক লিটন দাস পাঁজরের চোটে মাঠে নামতে না পারায় দায়িত্ব নিতে হয়েছে জাকের আলী অনিককে। ভারতের বিপক্ষে ম্যাচেই প্রথমবার দলের অধিনায়ক হিসেবে দেখা যায় তাঁকে। যদিও ফলটা আসেনি প্রত্যাশামতো-১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে যায় ১২৭ রানে, আর ভারত নিশ্চিত করে ফাইনাল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের জানান, এই পরিস্থিতি নতুন ছিল না তার কাছে। টুর্নামেন্ট শুরুর আগেই তাকে জানানো হয়েছিল প্রয়োজনে নেতৃত্ব দিতে হতে পারে। তার ভাষায়, ‘লিটনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। তবে দেশে থাকতেই আমাকে জানানো হয়েছিল, দায়িত্ব নিতে হতে পারে।’
লিটনের চোটে শুধু নেতৃত্বেই পরিবর্তন আসেনি, একাদশেও দেখা গেছে বড় রদবদল। বাদ পড়েন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। তাঁদের জায়গায় সুযোগ পান মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও পারভেজ হোসেন ইমন। জাকেরের মতে, দলের ভারসাম্য রক্ষা আর খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার লক্ষ্যেই এই পরিবর্তন করা হয়েছিল।
এখন সামনে আরও বড় পরীক্ষা। আজ দুবাইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের, ম্যাচটি কার্যত অঘোষিত সেমিফাইনাল। যে দল জিতবে, তারা সরাসরি জায়গা করে নেবে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে। তবে লিটনকে পাওয়া যাবে কি না, তা এখনও অনিশ্চিত। ফিট না হলে আবারও জাকের আলীর নেতৃত্বেই মাঠে নামতে হবে বাংলাদেশকে।
ভারতের বিপক্ষে ব্যর্থতার পরও ফাইনালে ওঠার স্বপ্ন টিকে আছে। আর সেই স্বপ্নপূরণের লড়াইয়েও হয়তো নেতৃত্বের ভার জাকেরের কাঁধে আসতে পারে। যদিও লিটনের জন্য এবারো শেষ মুহুর্ত অব্দি অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট।










Discussion about this post