আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য এসেছে সুখবর। এশিয়া কাপে ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাইফ হাসান, আর বল হাতে ছন্দ খুঁজে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাদের অসাধারণ পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে সরাসরি র্যাঙ্কিংয়ে।
লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরে বাংলাদেশের ইনিংসের শুরুতে নামেন সাইফ। দায়িত্বশীল অথচ আক্রমণাত্মক ব্যাটিংয়ে সাজান ক্যারিয়ারের সেরা ৬১ রানের ইনিংস। চারটি ছক্কা আর দুটি চারে ৪৫ বলের এই ইনিংসে দল পায় কাঙ্ক্ষিত জয়ের ভিত। ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি। এরই সুবাদে র্যাঙ্কিংয়ে সাইফ এগিয়েছেন ১৩৩ ধাপ, এখন তার অবস্থান ৮১তম। প্রথমবারের মতো তিনি জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যানদের শীর্ষ একশোতে।
বাংলাদেশের আরও কয়েকজন ব্যাটারও উন্নতি করেছেন। তাওহিদ হৃদয় সাত ধাপ এগিয়ে ৪১ নম্বরে, অধিনায়ক লিটন দাস দুই ধাপ এগিয়ে এখন ৪০তম-বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে। এছাড়া জাকের আলি ৫৬তম ও পারভেজ হোসেন ৭৪তম স্থানে পৌঁছেছেন।
অন্যদিকে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে মাত্র ২০ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। তার এই নৈপুণ্যে বাংলাদেশ সীমাবদ্ধ রাখে প্রতিপক্ষকে ১৬৮ রানে। সেই পারফরম্যান্সের কল্যাণে ছয় ধাপ এগিয়ে তিনি ফিরেছেন সেরা দশে, অবস্থান এখন নবম। ২০১৭ সালের পর এই প্রথম আবারো মুস্তাফিজ জায়গা করে নিলেন শীর্ষ সারিতে। শেখ মেহেদী হাসান তিন ধাপ এগিয়ে ১৭তম স্থানে, আর তানজিম হাসান দুই ধাপ উন্নতি করে পৌঁছেছেন ৪০তম স্থানে।
আন্তর্জাতিক অঙ্গনে অন্যদের মধ্যেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ভারতের অভিষেক শর্মা ধরে রেখেছেন ব্যাটসম্যানদের তালিকার শীর্ষস্থান, সতীর্থ তিলক ভার্মা উঠে এসেছেন তিনে। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস বড় অগ্রগতি করেছেন। বোলারদের মধ্যে ভারতের বরুণ চক্রবর্তী এখনও সেরা, পাকিস্তানের আবরার আহমেদ ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা চতুর্থ স্থানে।
অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই এক নম্বরে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া, এরপর রয়েছেন মোহাম্মদ নবী ও সিকান্দার রাজা।










Discussion about this post