এশিয়া কাপের সুপার ফোর পর্বে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে ৪১ রানে হারের মধ্য দিয়ে ফাইনালের রাস্তা কঠিন করে তুলেছে টাইগাররা। অন্যদিকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
আজকের এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, বাংলাদেশ ও পাকিস্তানের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট করে। ফলে বৃহস্পতিবার দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল, যেখানে জয়ী দল খেলবে ভারতের বিপক্ষে ফাইনালে। কার্যত সেটিই হয়ে উঠেছে এবারের এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুটা ভালোই করে দুই ওপেনার শুবমান গিল ও অভিষেক শর্মা। তানজিম হাসান সাকিবের বলে অধিনায়ক জাকের আলী অনিক ক্যাচ মিস করলে সুযোগ পান অভিষেক। সেই সুযোগকে কাজে লাগিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে তুলে নেন মাত্র ৩৭ বলে ৭৫ রান। পাওয়ারপ্লের ৬ ওভারে আসে ৭২ রান।
গিল ১৯ বলে ২৯ রান করে আউট হলে কিছুটা গতি কমে ভারতের ইনিংসে। তবে অভিষেকের সঙ্গী হয়ে শিভাম দুবে, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া সময় সময় রান যোগ করেন। শেষ দিকে পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে দলের সংগ্রহ দাঁড় করান ১৬৮/৬। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২টি উইকেট, একটি করে উইকেট পান তানজিম, মুস্তাফিজ ও সাইফউদ্দিন।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ৩ বলে ১ রান করে ফেরেন। এরপর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন। পাওয়ারপ্লে শেষে দলের রান ছিল ১ উইকেটে ৪৪। তবে এরপরই ধস নামে। ২১ রান করা ইমনের বিদায়ের পর হৃদয় (৭), শামীম (০), জাকের (৪) এবং সাইফউদ্দিন (৪) দ্রুত ফেরায় ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সাইফ হাসান। অভিজ্ঞতার অভাব পুষিয়ে নিয়ে ৫১ বলে ৬৯ রানের একটি কার্যকরী ইনিংস খেললেও অন্যপ্রান্তে কেউ দাঁড়াতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি। শেষদিকে মুস্তাফিজ (৬) এবং নাসুম (৪*) কিছুটা চেষ্টা করলেও বাংলাদেশ গুটিয়ে যায় ১৯.৩ ওভারে ১২৭ রানে।
ভারতের হয়ে কুলদীপ যাদব ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী ২টি করে, এবং অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা ১টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (অভিষেক ৭৫, পান্ডিয়া ৩৮, গিল ২৯, অক্ষর ১০; রিশাদ ২/২৭, তানজিম ১/২৯, মুস্তাফিজ ১/৩৩, সাইফউদ্দিন ১/৩৭)। বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১২৭ (সাইফ ৬৯, পারভেজ ২১; কুলদীপ ৩/১৮, বুমরা ২/১৮)।
ফল: ভারত ৪১ রানে জয়ী।










Discussion about this post