নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ স্নায়ুক্ষয়ী এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে ১১৫ রানের ছোট সংগ্রহ নিয়েও ৪ রানের জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।
আজ টসে জিতে আগে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু পায় বাংলাদেশ। ইশমা তানজিম ও শামিমা সুলতানার ওপেনিং জুটি দলকে এগিয়ে নেয়। দুজনের ব্যাটে আসে ৪৮ রান। শামিমা ১৭ রান করে বিদায় নেওয়ার পর ইশমাও ৩০ রানের ইনিংস খেলে ফেরেন। এরপর তিন নম্বরে নেমে শারমিন সুলতানা ২৯ রানের লড়াকু ইনিংস খেলেন। কিন্তু তার আউটের পরই ভেঙে পড়ে বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার।
শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় রান তোলার গতি একেবারেই থেমে যায়। শেষ ১৯ বলে মাত্র ১১ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ফলে নির্ধারিত ওভারের এক বল আগেই ১১৫ রানে অলআউট হয় তারা। রুবাইয়া হায়দার ঝিলিক ১১ রান করে দুই অঙ্কে পৌঁছানো একমাত্র ব্যাটার ছিলেন শুরুর তিনজনের বাইরে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে সাবধানী ছিল। তবে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। অধিনায়ক ফাহিমা খাতুন প্রথম সাফল্য এনে দেন। পরে সানজিদা আক্তার মেঘলা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে লঙ্কানদের চাপে রাখেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও হানসিমা করুণারত্নে ২৬ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
শেষদিকে আমা কাঞ্চানা ও সাচিনি নিসানসালা লড়াই জমিয়ে তোলেন। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৩ রান। বল হাতে নেন ফাহিমা খাতুন। স্নায়ুচাপের সেই ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে সমীকরণ কঠিন করে দেন তিনি। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান, কিন্তু আসে মাত্র ২ রান। তাতেই ৪ রানের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বোলিংয়ে সানজিদা আক্তার মেঘলা ৩ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল নেন ২টি করে উইকেট। এছাড়া শরিফা খাতুন ও জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট শিকার করেন। ব্যাটিং ধসের পরও লড়াই না ছাড়ার মানসিকতা ও শৃঙ্খলিত বোলিংয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা পেল বাংলাদেশ নারী ‘এ’ দল।










Discussion about this post