ভারত–পাকিস্তান দ্বৈরথ মানেই তুমুল আগ্রহ। কিন্তু এবারের লড়াইয়ে স্কোরবোর্ডের আগে আলোচনায় উঠে এসেছে একটি ভিন্ন প্রশ্ন-ভারতীয় ক্রিকেটাররা কি পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন? গত সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপে দুই দলের ম্যাচ শেষে ভারতীয়দের হাত না মেলানোর ঘটনা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ ঘিরে একই দৃশ্যের পুনরাবৃত্তি হবে কি না, তা নিয়েই জল্পনা।
রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল। উত্তেজনার পারদ চড়া থাকলেও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা সংবাদ সম্মেলনে আলোচনাকে মাঠের ক্রিকেটেই সীমাবদ্ধ রাখতে চেয়েছেন। তবে ‘হ্যান্ডশেক’ প্রসঙ্গ এড়ানো তার পক্ষেও সম্ভব হয়নি।
ভারতীয় খেলোয়াড়েরা হাত মেলাবেন কি না-এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ক্রিকেট তার নিজস্ব চেতনা ও ঐতিহ্য বজায় রেখেই খেলা উচিত। বছরের পর বছর ধরে ম্যাচ শেষে সৌজন্য বিনিময় খেলাটির স্বাভাবিক অংশ। তবে ভারত কী সিদ্ধান্ত নেবে, তা ম্যাচের দিনই পরিষ্কার হবে বলে মন্তব্য করেন তিনি। কথায় কূটনৈতিক সংযম থাকলেও প্রশ্নটি যে ম্যাচের আবহে আলাদা মাত্রা যোগ করেছে, তা স্পষ্ট।
সালমান আরও জানান, তারা ভূ-রাজনীতির বাইরে থেকে এই বড় ম্যাচে মনোযোগ দিতে চান। তার মতে, এমন ম্যাচের গুরুত্ব সবসময়ই বিশাল এবং দল মানসিকভাবে প্রস্তুত। কলম্বোর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কথাও জানান তিনি। আগে থেকেই সেখানে অবস্থান করায় উইকেট ও আবহাওয়ার সুবিধা কাজে লাগাতে আশাবাদী পাকিস্তান অধিনায়ক।
তবে শেষ পর্যন্ত ম্যাচের উত্তেজনা শুরু হবে টসের আগেই। দুই দলের খেলোয়াড়েরা যখন মাঠে নামবেন, তখন সবার চোখ থাকবে একটি মুহূর্তে-ক্রিকেটীয় সৌজন্য রক্ষা পাবে, নাকি ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে আবারও যোগ হবে নতুন অধ্যায়।










Discussion about this post