আগামী মার্চে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। সালমান আলী আগা ও বাবর আজমদের বিপক্ষে সিরিজ শুরুর আগে দেশীয় ক্রিকেটকে সক্রিয় রাখতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজনের কথা ভাবছে বিসিবি।
প্রাথমিকভাবে মার্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও ফরম্যাটে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ওই সিরিজটি ওয়ানডে ফরম্যাটে আয়োজন করা হতে পারে বলে জানা গেছে। সিরিজ শেষে পাকিস্তান দল দেশে ফিরে যাবে এবং পাকিস্তান সুপার লিগ শেষ হওয়ার পর আবার বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ফলে জাতীয় দলের ক্রিকেটারদের সামনে তৈরি হয়েছে খেলার শূন্যতা। অনেকেই বর্তমানে ছুটিতে আছেন।
এই প্রেক্ষাপটে খেলোয়াড়দের ম্যাচ প্রস্তুতি ধরে রাখতে বিসিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। মূলত ওয়ানডে ফরম্যাটে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে প্রতিযোগিতা আয়োজনের চিন্তাভাবনা চলছে, যাতে পাকিস্তান সিরিজের আগে খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন।
আগে পরিকল্পনা ছিল ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে বিসিএল আয়োজনের। তবে পরিস্থিতি বিবেচনায় সেটি পিছিয়ে যেতে পারে। বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স বিভাগ জাতীয় দলের ক্রিকেটারদের মাঠে দেখতে আগ্রহী, কারণ বিশ্বকাপে না থাকায় তাদের হাতে এখন পর্যাপ্ত সময় রয়েছে। সামনে পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য ওয়ানডে সিরিজ থাকায় সিনিয়রদের নিয়ে বিসিএল আয়োজনই এখন অগ্রাধিকার পাচ্ছে।
জানা গেছে, বিসিএলের প্রথম রাউন্ড শুরু হতে পারে ২২ বা ২৩ ফেব্রুয়ারি। ফাইনাল গড়াতে পারে মার্চের প্রথম সপ্তাহে। বগুড়া ও রাজশাহীতে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সব মিলিয়ে পাকিস্তান সিরিজকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি জোরদার করতেই বিসিএলের নতুন রূপায়ণের পথে হাঁটছে বিসিবি।










Discussion about this post