বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে শনিবার শেরে-ই-বাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো মনোনয়ন গ্রহণ কার্যক্রম। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এই কার্যক্রমে তিনটি ক্যাটাগরিতে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন ও বরিশাল ১ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ক্লাব ক্যাটাগরি-২ থেকে ৩২ জন মনোনয়ন নিয়েছেন। তৃতীয় ক্যাটাগরি থেকে ৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
পরিচালক পদে মনোনয়ন নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, তিনি ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর। এছাড়া সাবেক নির্বাচক ইফতেখার রহমান মিঠু, সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট, খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে জুলফিকার আলি খান, এবং ঢাকা বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল মনোনয়ন সংগ্রহ করেছেন। চট্টগ্রাম, রাজশাহী ও অন্যান্য জেলা থেকেও প্রার্থীরা মনোনয়ন গ্রহণ করেছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং তৃতীয় ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৮ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১ অক্টোবর। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১ অক্টোবর বেলা ২টায়।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, এবং ফলাফল ঘোষণা হবে সন্ধ্যা ৬টায়। একই দিন সভাপতি ও সহ-সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে ওইদিনই সন্ধ্যায়।










Discussion about this post