বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছেন না। দীর্ঘদিনের স্বাস্থ্যগত জটিলতা, পেশাদার ক্রিকেট থেকে বিরতি, প্রস্তুতির ঘাটতি, এমনকি ফরচুন বরিশালের টুর্নামেন্টে না আসার সিদ্ধান্ত, সব মিলেই তাকে সরে দাঁড়ানোর দিকে ঠেলে দিয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকেও তিনি নিশ্চিত করেছেন এই তথ্য। ড্রাফট থেকে তার নাম সরিয়ে ফেলতে বলেছেন তামিম।
ত বছরের মার্চে ঘরোয়া ম্যাচ চলাকালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তিনি দীর্ঘ সময় ধরে পেশাদার ক্রিকেটের বাইরে। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় নিয়েছেন, কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার মতো প্রস্তুতি তিনি এখনও অর্জন করতে পারেননি। দীর্ঘ বিরতির পর বিপিএলের মতো চাপের টুর্নামেন্টে নামা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত-এ উপলব্ধি থেকেই তিনি এবারের আসরে না খেলার সিদ্ধান্তে পৌঁছেছেন।
এ ছাড়া রয়েছে প্রস্তুতির ঘাটতি। তামিম সবসময়ই নিজের মান বজায় রেখে খেলতে চান, বিগত দুই আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে টানা শিরোপা জেতানোর পর এবার নিজেকে একই মানে দেখতে না পাওয়া তার সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে। নিয়মিত অনুশীলন ও ম্যাচ ফিটনেস ছাড়া উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাননি তিনি।
এই দুই কারণের পাশাপাশি একটি বড় প্রভাব এসেছে দলীয় পরিস্থিতি থেকে। তামিমের সর্বশেষ দল ফরচুন বরিশাল সময়ের স্বল্পতার কথা বলে এবারের বিপিএল থেকেই সরে দাঁড়িয়েছে। নিজের পরিচিত দল না থাকার বিষয়টিও তাকে অংশগ্রহণ নিয়ে দ্বিধায় ফেলেছে। পরিচিত পরিবেশ ছাড়া মাঠে ফেরাকে তিনি সুবিধাজনক মনে করেননি!










Discussion about this post