৪১ বছর, ১৭ আসর পেরিয়ে অবশেষে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের তৃতীয়বারের লড়াই এবার অনুষ্ঠিত হবে রোববার দুবাইয়ে। এর আগে চলতি আসরে দু’বার দেখা হয়েছে দুই দলের। প্রতিবারই ভারত সহজ জয় পেয়েছে। তবুও ফাইনালের আগে আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।
সুপার ফোরে বৃহস্পতিবার বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। মাত্র ১৩৫ রানে গুটিয়ে যাওয়ার পরও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘আমাদের ১০–১৫ রানের ঘাটতি ছিল। তবে জানতাম, নতুন বলে ভালো করতে পারলে প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে। শাহিন যেভাবে শুরু করেছে, হারিস যেভাবে বল করেছে- সবকিছুই ছিল বিশেষ কিছু।’
ম্যাচে ব্যাট হাতে ১৯ রান এবং বল হাতে তিন উইকেট নিয়ে নায়ক শাহিন শাহ আফ্রিদি। সমান তিন উইকেট নেন হারিস রউফও। জয়কে দলের সমন্বয় ও লড়াকু মানসিকতার ফল বলেই মানছেন অধিনায়ক, ‘এই ধরনের ম্যাচ জিততে পারলে বোঝা যায় দলটা স্পেশাল। সবাই কিছু না কিছু অবদান রেখেছে। ফাইনালে আরও ভালো করার চেষ্টা করব আমরা।’
আত্মবিশ্বাস ঝরল সালমানের কণ্ঠে, ‘আমরা জানি ফাইনালে কী করতে হবে। আমাদের দল যথেষ্ট ভালো। আমরা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখি এবং রোববার সেটিই প্রমাণ করতে চাই।’
যদিও পরিসংখ্যান পাকিস্তানের বিপক্ষে। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে ১৫ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১২টিতে, পাকিস্তানের জয় মাত্র ৩টিতে। এই আসরেই ভারত প্রথম ম্যাচ জিতেছিল ৭ উইকেটে, দ্বিতীয়বার ৫ উইকেটে। এবার দেখার বিষয়, ফাইনালে বদলার ইতিহাস গড়তে পারে কি না পাকিস্তান।










Discussion about this post