আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সর্বশেষ সিরিজে খেলেননি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলের দায়িত্বে না থাকলেও তিনি সময়টা কাটিয়েছেন আবুধাবি টি-টেন লিগে, যেখানে নর্দান ওয়ারিয়র্সের হয়ে বল হাতে নজর কাড়েন তিনি। সেই ধারাবাহিকতায় সরাসরি সুযোগ পান আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে, শারজাহ ওয়ারিয়র্সের স্কোয়াডে যোগ দিয়ে।
তবে দলভুক্ত হলেও এখনও শারজাহর জার্সিতে মাঠে নামা হয়নি তাসকিনের। প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকলেও নিজের প্রতি, দেশের নামের প্রতি ও পারফরম্যান্সের প্রতি দায়িত্ববোধ আগের মতোই প্রবল। সুস্থ ও আত্মবিশ্বাসী থেকে টুর্নামেন্টে ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে সামনে থাকা বিপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও রাখতে চান ঝকঝকে।
শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তাসকিন সমর্থকদের উদ্দেশে বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যেন আমি আমার দেশের নাম উজ্জ্বল করে আসতে পারি এবং এই টুর্নামেন্টটা ভালো করে শেষ করে সুস্থ থাকি, যাতে সামনে আমার দেশকে আরও ভালো ভালো খেলা উপহার দিতে পারি এবং ম্যাচ জেতাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’
আইএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে শারজাহ ওয়ারিয়র্স। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৩৯ রানে পরাজিত হয়, যেখানে একাদশে ছিলেন না তাসকিন। আজ (রোববার) বিকেল ৪টায় ওয়ারিয়র্স এবং এমআই এমিরেটসের মধ্যকার ম্যাচে দলটি নিজেদের ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে, পাশাপাশি দেখা যাবে তাসকিনকে মাঠে নামানো হয় কি না।










Discussion about this post