জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে খেলেন অমিত হাসান। সে হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তার হোম ভেন্যু। এবার সেই মাঠেই নিজের দ্বিতীয় টেস্ট খেলার হাতছানি পাচ্ছেন তরুণ এই ব্যাটার। মুমিনুল হকের বিকল্প হিসেবে সিলেট টেস্টের দলে ডাক পেয়েছেন তিনি। একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে তার।
আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের আগে সিলেটের উইকেট নিয়ে নিজের পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অমিত। এখন পর্যন্ত উইকেটে ঘাস দেখলেও চূড়ান্তভাবে উইকেটের আচরণ বুঝতে আরও এক-দুই দিন অপেক্ষা করতে চান তিনি।
উইকেট প্রসঙ্গে অমিত বলেন, ‘উইকেট কেমন হবে তা ডিপেন্ড করে। এনসিএলে একরকম উইকেট থাকে। এখন পর্যন্ত ঘাসের উইকেট দেখলাম। এখনও ১-২ দিন বাকি আছে, দেখা যাক।’
তিনি আরও বলেন, ‘আমাদের শেষ ২ ম্যাচে ভিন্নরকম ছিল, এখন আরেকরকম। ১-২ দিন পর বোঝা যাবে উইকেট কেমন।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অতীতেও ঘাসের উইকেট দেখা গেছে। এমন উইকেটে শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পেলেও ম্যাচের শেষদিকে স্পিনারদের জন্যও সহায়ক হয়ে ওঠে উইকেট। ফলে সিলেটে এবারও ব্যাটার ও বোলারদের জন্য সমান সুযোগ রাখা স্পোর্টিং উইকেট দেখা যেতে পারে।
এই মাঠে ভালো ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে অমিতের। নিজের ব্যাটিং পরিকল্পনা ও রান পাওয়ার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক ব্যাটার চায় রান করতে। আমার প্রক্রিয়াও একই ছিল, এ কারণে রান করেছি।’
আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। ঘরের মাঠে শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোই এখন বাংলাদেশের লক্ষ্য।



