বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগীতশিল্পী ও সাবেক বিসিবি পরিচালক আসিফ আকবর। তার দাবি, স্বল্প সময় দায়িত্বে থেকেও তারা বিপিএল আয়োজন করতে পেরেছিলেন। অথচ বর্তমান বোর্ডের সময়ে বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিসিবির কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও সাংগঠনিক পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন আসিফ। সেখানে সরাসরি বিসিবি সভাপতি তামিম ইকবালের নাম উল্লেখ না করলেও তার নেতৃত্বাধীন বোর্ডকে ইঙ্গিত করে সমালোচনা করেন সাবেক এই পরিচালক।
সাধারণত প্রতি বছর ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজন করা হয় বিপিএল। গত দুই বছর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছে। তবে চলতি বছর বিপিএল আয়োজন করা হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। গত ৭ জুন বিসিবির দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি আর্থিক লোকসান ও বোর্ডের সংস্কারের কথা উল্লেখ করে বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছিলেন।
তবে এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন আসিফ। বিপিএল আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমরা দেড় মাস বিসিবির দায়িত্ব নিয়েই বিপিএল আয়োজন করেছি। তাহলে এখন বিপিএল হবে না কেন? কারণ, তারা সক্ষম না।’
বিসিবির বর্তমান পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আসিফ। তার অভিযোগ, ক্রিকেটের উন্নয়ন ও মাঠের খেলার চেয়ে বোর্ডে অন্যান্য কর্মকাণ্ড বেশি গুরুত্ব পাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা এখানে একটা একটা আড্ডার জায়গা বানিয়েছে। বিসিবি হয়ে গেছে আড্ডার স্থল। আমরা আইন করে দিয়ে এসেছিলাম ৫ লাখ টাকার বেশি উত্তোলন করতে গেলে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বর্তমানে কোটি কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ার বাইরে ব্যবহার করা হচ্ছে। টাইগার ডেন বানানো হচ্ছে। ওখানে ফ্যান লাগাচ্ছে। মূল খেলার খবর নেই।’
বক্তব্যে বিসিবির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অতীত বিরোধের প্রসঙ্গও তুলে ধরেন আসিফ। তার দাবি, তৎকালীন বোর্ডের কর্মকাণ্ড নিয়ে আইসিসির সঙ্গে আলোচনার একপর্যায়ে বিষয়টি আরবিট্রেশন পর্যন্ত গড়িয়েছিল। তখন বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল।
রেডিসন হোটেলে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ বলেন, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে দুই প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে জিম্বাবুয়ের প্রতিনিধি দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন, যে সময় জিম্বাবুয়ের ক্রিকেট নিষিদ্ধ হয়েছিল। ওই প্রতিনিধি বাংলাদেশকেও একই পরিণতির বিষয়ে সতর্ক করেছিলেন বলে দাবি করেন তিনি।
আসিফের ভাষ্য, ‘আমরা চারজনের একটি প্রতিনিধিদল রেডিসন হোটেলে ছিলাম। জিম্বাবুয়ে থেকে আসা প্রতিনিধি তখন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন, যখন জিম্বাবুয়ে নিষিদ্ধ হয়েছিল। তিনি আমাদের সতর্ক করেছিলেন। আমরা দেখলাম, জিম্বাবুয়ের মতো বাংলাদেশও একই পরিণতির দিকে যাচ্ছে। দুই বছর বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ থাকলে দেশের ক্রিকেট কোনোভাবেই বাঁচবে না। তাই দেশের ক্রিকেটের স্বার্থে আমরা চুপ থাকাই শ্রেয় মনে করেছি।’
এছাড়া তৎকালীন বিসিবির বোর্ড গঠন নিয়েও অভিযোগ তোলেন সাবেক এই পরিচালক। তার দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহযোগিতা, রাজনৈতিক প্রভাব এবং তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংশ্লিষ্টতার মাধ্যমে বোর্ড গঠনে প্রভাব বিস্তার করা হয়েছিল। এ ক্ষেত্রে মন্ত্রীদের ক্ষমতার অপব্যবহার ও আঞ্চলিক প্রভাব কাজে লাগানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি থাকাকালে বোর্ডের টুর্নামেন্ট কমিটির প্রধান ছিলেন আসিফ। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে। ওই অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ছিলেন তামিম ইকবাল।
অনুষ্ঠানে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের বিরোধিতা করেন আসিফ। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সকে কোনো রাজনৈতিক দলের অনুসারী না হয়ে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তার মতে, ক্রীড়াঙ্গনের উন্নয়নে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।



