২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি প্রায় ১১ মাস। তবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট ঘিরে এখনই শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের ব্যাপক উন্মাদনা। বিশ্বকাপের টিকিট পেতে এরই মধ্যে ১৯৩টি দেশ থেকে ১২ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বাংলাদেশের একটি ম্যাচ ঘিরেও দেখা গেছে উল্লেখযোগ্য আগ্রহ। বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই মাঠে বসে দেখতে টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় ৯ লাখ ক্রিকেটপ্রেমী।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ বাংলাদেশের ক্রিকেটের জন্যও ইতিবাচক বার্তা দিচ্ছে। বিশেষ করে আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এমন সাড়া পাওয়া উল্লেখযোগ্য।
তবে টিকিটের চাহিদায় এখনো শীর্ষ আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে আবেদন জমা পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪টি। আগামী বছরের ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই ভেন্যুতে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের জন্যও আবেদন জমা পড়েছে প্রায় ৭৯ লাখ।
আইসিসির তথ্যমতে, এখন পর্যন্ত ১৯৩টি দেশের প্রায় ২৮ লাখ স্বতন্ত্র দর্শক বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন ম্যাচের জন্য নিবন্ধনের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ২০ লাখ। দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে ক্রিকেটের সবচেয়ে বড় এই ওয়ানডে আসর। আয়োজক দেশগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলের দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
টিকিট নিবন্ধনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। শুধু আফ্রিকা মহাদেশ থেকেই জমা পড়েছে ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিটের আবেদন। দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪১টি ম্যাচ। এসব ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি। এর মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১১টি ম্যাচের টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ২ কোটি ৬০ লাখ দর্শক।
জিম্বাবুয়েতেও বিশ্বকাপ ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। দেশটিতে টিকিটের আবেদনের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। আগামী ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসের নতুন মসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে-ভারত ম্যাচ। এই ম্যাচের টিকিট পেতে আবেদন জমা পড়েছে ৩৩ লাখের বেশি। অন্যদিকে নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ছয়টি ম্যাচের জন্য আবেদন পড়েছে ২০ লাখের বেশি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৫৭টি ম্যাচ। ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টিকিটের জন্য নিবন্ধন করা যাবে। সময়টি সেন্ট্রাল আফ্রিকান টাইম অনুযায়ী নির্ধারিত। বাংলাদেশ সময় ২২ নভেম্বর রাত ৩টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে টিকিটের লটারিতে অংশ নেওয়ার সুযোগ হারাতে হবে দর্শকদের।



