নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব ছাড়ার পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন নাহিদা আক্তার। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগামী ১২ নভেম্বর শুরু হতে যাওয়া আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্ট দিয়েই অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করবেন বাঁহাতি স্পিনার নাহিদা।
এশিয়ান গেমসের আগে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি। এরপর তার জায়গায় নাহিদাকে নেতৃত্বের দায়িত্ব দেয় বিসিবি। তবে অধিনায়কত্ব ছাড়লেও দলে জায়গা ধরে রেখেছেন জ্যোতি। ফলে নতুন অধিনায়কের সঙ্গে অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটারকেও পাচ্ছে বাংলাদেশ।
ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন সাথি রানি, জান্নাতুল ফেরদৌস ও দিশা বিশ্বাস। অন্যদিকে চোটের কারণে দলে জায়গা হয়নি পেসার মারুফা আক্তারের। বাদ পড়েছেন ব্যাটার শারমিন সুলতানা। এ ছাড়া অফ স্পিনার সুলতানা খাতুনকে দেওয়া হয়েছে বিশ্রাম।
আগামী ১০ নভেম্বর আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নাহিদাদের টুর্নামেন্ট অভিযান। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
১০ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হলো পাকিস্তান, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও গত আসরের চ্যাম্পিয়ন থাইল্যান্ড। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ পর্ব শেষে সুপার সিক্স পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেরা দুই দল জায়গা করে নেবে ফাইনালে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড ও সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাবে।
বাংলাদেশের পাশাপাশি এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি পূর্ণ সদস্য দেশসহ মোট ১০টি দল। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। সহযোগী দেশ হিসেবে খেলবে নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক আমিরাত।
বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারী, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।



