নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুরের উইকেট নিয়ে জল্পনা বাড়ছে। সাধারণ ধারণা অনুযায়ী, স্পিন-সহায়ক উইকেট তৈরি করে প্রতিপক্ষকে চাপে ফেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। কারণ নিউজিল্যান্ডের ব্যাটাররা স্পিনে তুলনামূলকভাবে দুর্বল। তবে বাস্তবতা ভিন্ন পথে এগোচ্ছে বলেই ইঙ্গিত মিলছে।
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, তারা এমন উইকেট তৈরি করতে চান যেখানে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে এবং রান হবে বেশি। তার ভাষায়, ‘আমরা ভালো উইকেট চাই যেখানে অনেক রান হবে। হোমে খেলা হলে আমাদের ছেলেদের কিছু চাহিদা থাকে। তবে আমরা চাই একটা সুন্দর উইকেট হবে যেখানে নিউজিল্যান্ডের প্লেয়াররা খেলা স্বাচ্ছন্দ্য বোধ করবে, বাংলাদেশের খেলোয়াড়রা তো আছেই।’
উইকেট প্রস্তুতির পাশাপাশি আবহাওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সামনে বৃষ্টির মৌসুম থাকায় মাঠের প্রস্তুতি নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ ভালোভাবে উইকেট ও মাঠ তৈরির চেষ্টা করব। এখন বৃষ্টির মৌসুম, সেটাকে কীভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারেও দিকনির্দেশনা দিয়েছি। আমাদের অভিজ্ঞ কিউরেটর আছে। সবাই আজ এসেছিলেন।’
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুতির জন্য ঢাকা প্রিমিয়ার লিগকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচের মাঝেই মিরপুরে এই লিগের খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং নির্দিষ্ট সময়সূচিও পরে জানানো হবে।
এদিকে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে। এর ফলে দিনের আলোতেই খেলা শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে শেষে একই ভেন্যুতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল। শেষ ম্যাচটি ২ মে আবার মিরপুরে অনুষ্ঠিত হবে।










Discussion about this post