বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও বেশ পরিচিত নাম বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলসহ বিভিন্ন দেশের লিগে নিজের কাটার ও বৈচিত্র্যময় বোলিং দিয়ে পরিচিতি পেয়েছেন তিনি। বাংলাদেশের এই পেসারকে নিয়ে এবার মজার এক অভিজ্ঞতার কথা শোনালেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজ নিয়ে আলোচনার একপর্যায়ে মুস্তাফিজের প্রসঙ্গ টানেন ডি ভিলিয়ার্স। সেখানে বাংলাদেশের এই পেসারের বোলিংয়ের প্রশংসা করার পাশাপাশি মাঠের বাইরের একটি মজার ঘটনাও তুলে ধরেন তিনি।
মুস্তাফিজকে বাংলাদেশের বাঁহাতি গ্রেট বোলার হিসেবে উল্লেখ করে ডি ভিলিয়ার্স বলেন, ‘মুস্তাফিজকে নিয়ে আমি কিছু বলতে চাই। তাকে নিয়ে দারুণ একটি গল্প আছে আমার। বাংলাদেশের বাঁহাতি গ্রেট বোলার। সে যখন তার সেরা ছন্দে ছিল তার বল বুঝতে পারাটা অনেক অনেক কঠিন ছিল।’
এরপর মুস্তাফিজের সঙ্গে নিজের সেই মজার অভিজ্ঞতার বিস্তারিত জানান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। তার ভাষ্য, ম্যাচে মুস্তাফিজের বলে আউট হওয়ার পর হ্যান্ডশেকের সময় অদ্ভুত এক কাণ্ড করতেন বাংলাদেশের এই পেসার। হাত মেলানোর সময় ডি ভিলিয়ার্সের হাতের তালুতে সুড়সুড়ি দিতেন তিনি।
এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স আরও বলেছেন, ‘প্রতিবারই যখন সে (মুস্তাফিজ) আমাকে ম্যাচে আউট করত, ম্যাচ শেষে হ্যান্ডশেক করার সময় আমার হাতের তালুতে সুড়সুড়ি দিত। সে ইংরেজিতে অতটা স্বাচ্ছন্দ্যবোধ করত না, তবে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে, কেন এমন করছো? এটা কি অসম্মানজনক নাকি মজা করছো? তখন সে কেবল হাসতো। আমি ভালোভাবেই নিয়েছিলাম ব্যাপারটা। হয়তো সে মনে করিয়ে দিতে চাইত যে ম্যাচে আমাকে আউট করেছে। সে দারুণ একজন মানুষ। আমি তাকে জিজ্ঞেস করতাম বারবার যে এটা কি অসম্মানজনক কিনা? সে বারবার শুধু হাসতো, তখন ভাবতাম যে না সে মজাই করেছে।’
মুস্তাফিজের এমন আচরণকে ইতিবাচকভাবেই নিয়েছিলেন ডি ভিলিয়ার্স। তার ধারণা, প্রতিবার তাকে আউট করার পর সেই আনন্দটাই হয়তো মজার ছলে প্রকাশ করতেন বাংলাদেশের এই পেসার। ইংরেজিতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ না করায় কথার বদলে হাসিতেই নিজের প্রতিক্রিয়া জানাতেন মুস্তাফিজ।
এদিকে ১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সফরে দুই টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।



