ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ওমানের আল আমেরাত গ্রাউন্ডে বৃহস্পতিবার পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে জুনিয়র টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য মাত্র ২১.৫ ওভারেই পেরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।
বড় স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছিল বাংলাদেশের যুবারা। তবে আজ সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে তারা। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৫৩.৩ ওভারেই শেষ হয় ম্যাচ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপে পড়ে যায় দলের ব্যাটাররা। দ্বিতীয় ওভারে ওপেনার এসকে জারিফ সিয়াম এবং ষষ্ঠ ওভারে কাওসার আহমেদ সাজঘরে ফিরলে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ।
এরপর আবদুল্লাহ আল মুহি ও অধিনায়ক ফরিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তৃতীয় উইকেটে তাদের ব্যাটে রানের চাকা সচল হলেও পাকিস্তানের রিজওয়ানউল্লাহর বোলিংয়ে সেই প্রতিরোধ ভেঙে পড়ে। ৪৩ বলে ৪৩ রানের জুটি গড়ার পর ফরিদকে ফিরিয়ে জুটি ভাঙেন রিজওয়ানউল্লাহ। পরের ওভারেই বিদায় নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান আল মুমিন।
এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান আবদুল্লাহ আল মুহি। তুলে নেন গুরুত্বপূর্ণ অর্ধশতক। তবে দলীয় সংগ্রহ তিন অঙ্কে পৌঁছানোর আগেই ৪৫ বলে ৫০ রান করে রিজওয়ানউল্লাহর শিকার হন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
শেষ দিকে আল রাফি ২০ এবং রাকিবুল হাসান ২৬ রান করে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি বোলারদের সামনে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিজওয়ানউল্লাহ। ৩০ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। মোহাম্মদ সায়াম শিকার করেন দুটি উইকেট।
জবাবে ১৩৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তানের দুই ওপেনার হায়াম খান ও উসমান খান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। দুই ওপেনারই তুলে নেন অর্ধশতক।
উদ্বোধনী জুটিতে ১০০ রানের বেশি যোগ করেন তারা। ৬৯ রান করা হায়াম খানকে রবিউল হাসান অনিক ফিরিয়ে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন। ৭২ বলের ইনিংসে আটটি চার ও একটি ছক্কা মারেন তিনি।
তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন উসমান খান। ৫৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ২১.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। বাংলাদেশের বোলাররা আর কোনো উইকেট নিতে পারেননি।
এই হারে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের সেমিফাইনাল থেকে পাকিস্তানের কাছে বিদায় নিতে হলো বাংলাদেশকে। গত আসরেও সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছিল জুনিয়র টাইগাররা। অন্যদিকে, গত আসরে ভারতকে হারিয়ে শিরোপা জেতা পাকিস্তান এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের দেওয়া ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমেছে ভারত। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আগামী শনিবার ফাইনালে মাঠে নামবে পাকিস্তান।



