আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার্স ড্রাফটে এখন পর্যন্ত দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিব আল হাসান ও নাহিদ রানার দল পাওয়ার পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ফ্র্যাঞ্চাইজিতে জায়গা করে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। তাকে দলে ভিড়িয়েছে কাবুল।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের এপিএলের খেলোয়াড় ড্রাফট। ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছে নাঙ্গাহার কসমিক। একই ক্যাটাগরি থেকে বাংলাদেশের আরেক ক্রিকেটার ডানহাতি পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে টিম পাকতিয়া। ডায়মন্ড ক্যাটাগরির পারিশ্রমিক ৬৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৮০ লাখ টাকা।
সাকিব ও নাহিদের পর শামীম হোসেন পাটোয়ারীও দল পাওয়ায় এখন পর্যন্ত এপিএলে বাংলাদেশের তিন ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ড্রাফটে আরও কয়েকটি ক্যাটাগরির খেলোয়াড় নির্বাচন বাকি রয়েছে। ফলে বাংলাদেশের আরও ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ রয়েছে।
এবারের এপিএল ড্রাফটে চারটি ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ৩০ ক্রিকেটার। এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন পাঁচজন করে। গোল্ড ক্যাটাগরিতে নাম রয়েছে ১৩ ক্রিকেটারের এবং সিলভার ক্যাটাগরিতে আছেন সাতজন।
ড্রাফটের বাকি কার্যক্রম শেষে বাংলাদেশ থেকে মোট কতজন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি পাওয়ার সুযোগ পান, এখন সেটিই দেখার বিষয়।



