নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও পর্যালোচনায় স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ সদস্যের এই কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। কমিটিতে বিসিবির সঙ্গে সরাসরি সম্পৃক্ত কাউকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যাতে অভিযোগ গ্রহণ ও পর্যালোচনায় নিরপেক্ষতা বজায় থাকে।
কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার অনিতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া একজন সাবেক ক্রিকেটারকে কমিটিতে যুক্ত করা হবে। তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চন্দ্রা ব্যানার্জি।
বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি জানান, রুবাবা দৌলার নেতৃত্বাধীন তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই নতুন এই কমিটি গঠন করা হয়েছে। রফিকুল ইসলাম বাবু বলেন, ‘রুবাবা দৌলার নেতৃত্বাধীন তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ করেছিল। এর মধ্যে একটি ছিল বিসিবিতে অভিযোগ গ্রহণের জন্য আলাদা কমিটি গঠন করা। সেই কমিটির প্রধান থাকবেন রাশনা ইমাম। সদস্য হিসেবে একজন সাবেক ক্রিকেটারকেও রাখা হবে।’
নতুন কমিটির অন্যতম লক্ষ্য অভিযোগ গ্রহণ ও পর্যালোচনায় নিরপেক্ষতা নিশ্চিত করা। এ কারণেই বিসিবির সঙ্গে সরাসরি যুক্ত কাউকে রাখা হয়নি। বোর্ডের প্রত্যাশা, এতে অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাতের আশঙ্কা কমবে। নারী ক্রিকেটাররাও কোনো ধরনের চাপ ছাড়াই নিজেদের অভিযোগ জানাতে পারবেন।
নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। গত বছরের নভেম্বরে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম দলের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। এরপর অভিযোগ তদন্তে কমিটি গঠন করে বিসিবি। পরবর্তী সময়ে আরও কয়েকজন নারী ক্রিকেটার ও দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন।
এসব ঘটনার পর নারী ক্রিকেটারদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের দেওয়া নির্দেশনার আলোকে যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য পৃথক কমিটি গঠনের কথাও জানিয়েছিল বোর্ড। নতুন স্বাধীন কমিটি গঠনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগোল বিসিবি।



