কিছু দিনের জন্য জাতীয় দলের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে মোহাম্মদ সালাউদ্দিনকে। আসন্ন এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে বাংলাদেশের মূল দলের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। অর্থাৎ জাপানে লিটন দাসদের সঙ্গে থাকলেও এই মিশনে প্রধান কোচ ফিল সিমন্সকে পাওয়া যাবে না।
২০২৪ সালের শেষ দিকে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হন সালাউদ্দিন। গত নভেম্বরে অবশ্য জাতীয় দলের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে ক্রিকেটারদের ভুলত্রুটি নিয়ে নিবিড়ভাবে কাজ করে ইতিবাচক ফল এনে দেওয়া এই অভিজ্ঞ কোচকে ছাড়তে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এবার সেই সালাউদ্দিনই সাময়িকভাবে সামলাবেন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব। ম্যাচের সংখ্যা কম হলেও মিশনটি গুরুত্বপূর্ণ। কারণ এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে সরাসরি নকআউট পর্বের লড়াই। টেস্ট খেলুড়ে দল হিসেবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে।
এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দলই পাঠাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক লিটনের সঙ্গে স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
জাপানের আইচি প্রিফেকচার ও নাগোয়া শহরে বসবে এবারের এশিয়ান গেমস। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো। বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ সেপ্টেম্বর। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ওই গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। কোয়ার্টার ফাইনালে জিততে পারলে ১ অক্টোবর সেমিফাইনালে নামবে বাংলাদেশ। আর ৩ অক্টোবর হবে পদক নির্ধারণী ম্যাচ।



