উদীয়মান ক্রিকেটারদের নিয়ে আয়োজিত রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সাব্বির রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছর ধরে অনুপস্থিত থাকা ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি দল ঘোষণায় এনেছে বাড়তি আলোচনা।
আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বির রহমানকে সবশেষ দেখা গেছে ২০২২ সালে। এরপর ঘরোয়া ক্রিকেটে খেললেও নিয়মিত ছিলেন না তিনি। জাতীয় দলে ফেরার সম্ভাবনাও দীর্ঘদিন ধরে অনিশ্চিত।
বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাব্বির। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত তার সংগ্রহ ২ হাজার ৭৯১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর একমাত্র সেঞ্চুরিটি এসেছিল ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে।
সাব্বিরের পাশাপাশি প্রাথমিক দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলা আরও বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, জাকির হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
তরুণদের প্রতিযোগিতা হলেও বাংলাদেশ দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যাও কম নয়। ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনের বয়স ৩০ বছর। আফিফ হোসেনের ২৭ এবং জাকির হাসানের ২৮ বছর। ফলে উদীয়মান ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের নিয়েও দল সাজিয়েছে বিসিবি।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে রাইজিং স্টার্স এশিয়া কাপের এবারের আসর। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। গতবার টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণে হলেও এবার আয়োজন করা হবে ওয়ানডে ফরম্যাটে।
বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই।
বাংলাদেশের ১৯ সদস্যের প্রাথমিক দল
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মোহাম্মদ সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।



