আরেকটি সেমিফাইনাল, আবারও প্রতিপক্ষ ভারত। নারী এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন এই পরীক্ষার সামনে বাংলাদেশ। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ভালো ফল সম্ভব-এমন আশাই দেখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নারী এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে সেমিফাইনালে ভারতকে এড়াতে চেয়েছিলেন নিগার। কিন্তু গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর সমীকরণ বদলে যায়। শেষ পর্যন্ত সেমিফাইনালে ভারতের মুখোমুখিই হতে হচ্ছে বাংলাদেশকে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য সেমিফাইনালে ওঠাটাও একসময় অনিশ্চিত হয়ে পড়েছিল। বাজে ব্যাটিংয়ে ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান করেছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার। আসরে প্রথমবার খেলতে নেমে ৩১ বলে ৩৮ রান করেন তিনি। নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে গড়েন ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি। শেষ পর্যন্ত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১০৩ রান।
ছোট এই পুঁজিই যথেষ্ট করে তোলেন বাংলাদেশের বোলাররা। নতুন বলে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা আক্তার। ইনসুইঙ্গারের পাশাপাশি কয়েকটি কার্যকর আউটসুইঙ্গার দিয়ে তিনি চমকে দেন অধিনায়ক নিগারকেও।
এরপর স্পিনাররাও নিজেদের কাজটা ঠিকঠাক করেন। একাদশে ফিরে লেগ স্পিনার রাবেয়া খান ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। অফ স্পিনার সুলতানা খাতুন ১০ রান দিয়ে নেন ১ উইকেট, আর ফাহিমা খাতুন ১৬ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। ব্যাট হাতে ১৬ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখার পর বল হাতে ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদা আক্তার।
বাংলাদেশের ১০৩ রানের জবাবে ২০ ওভারে ৬৯ রানেই থেমে যায় সংযুক্ত আরব আমিরাত। ফলে ৩৪ রানের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক স্মৃতি খুব একটা সুখকর নয়। গত এশিয়া কাপেও গ্রুপে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১০ উইকেটে হারতে হয়েছিল নিগারদের। ২০২৩ এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে থেমে যায় বাংলাদেশের যাত্রা। ২০১৮ এশিয়া কাপের ঐতিহাসিক সাফল্য বাদ দিলে সাম্প্রতিক সময়ে ভারতই হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম কঠিন প্রতিপক্ষ।
তবু এবার অতীতকে পাশে রেখে নতুন করে শুরু করতে চান নিগার। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারলে ফলও নিজেদের পক্ষে আসতে পারে বলে বিশ্বাস তার, ‘সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা (ভারত) খুব ভালো দল ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরা পারফরম্যান্স ওই দিনটিতে মেলে ধরার। তা করতে পারলে দিনশেষে ফলাফল মিলবেই। আমরা স্রেফ আমাদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে চাই।’
নিগারদের সেই কঠিন পরীক্ষা দুবাইয়ে বৃহস্পতিবার। অন্য সেমিফাইনালে পরদিন বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। দুই সেমিফাইনালের বিজয়ীদের নিয়ে ফাইনাল হবে রোববার।



