বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে গেম ডেভলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) ফাইনাল। মিরপুরের শেরে- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে বারবার হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে ইনিংসের শুরুটা প্রত্যাশামতো হয়নি তাদের। আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকী অলিন বড় ইনিংস খেলতে পারেননি। ফলে শুরুতেই চাপে পড়ে যায় অনূর্ধ্ব-২৩ দল।
মিডল অর্ডারে অবশ্য দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ আব্দুল্লাহ। দারুণ শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ৫৪ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর আহরার আমিন পিয়ান ও দেবাশীষ সরকার দেবা মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। পিয়ান ৬১ বলে ৪৬ রান করে আউট হন। দেবাশীষের ব্যাট থেকে আসে ৪১ বলে ৪৩ রান।
শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বির আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় অনূর্ধ্ব-২৩ দল। ২৬ বলে ৩১ রান করেন রাব্বি। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে অনূর্ধ্ব-২৩ দল।
অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের মধ্যে দুর্দান্ত ছিলেন তাফিউল আলম তামিম। একাই শিকার করেন ছয় উইকেট। শেখ আতিকুর রহমান নেন তিন উইকেট। আল রাফির ঝুলিতে যায় একটি উইকেট।
জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না অনূর্ধ্ব-১৯ দল। ১৭.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করার পর আবারও বৃষ্টি নামে। দীর্ঘ সময় অপেক্ষার পর আর খেলা মাঠে গড়ানো সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আব্দুল্লাহ আল মুহি ১৯ বলে ২০ রান করেন। ফারহান সাদিক খেলেন ঝড়ো ১৫ বলে ২৯ রানের ক্যামিও। আহসান আল মুমিনের ব্যাট থেকে আসে ২৭ বলে ২৪ রান।
অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মহিউদ্দিন তারেক, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, স্বাধীন ইসলাম ও আহরার আমিন পিয়ান একটি করে উইকেট শিকার করেন।
তবে বৃষ্টির কারণে ম্যাচের ফল নির্ধারণে আর সুযোগ না থাকায় টুর্নামেন্টের বাইলজ কার্যকর হয়। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত জিডি ট্রফির শিরোপা ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হাতে।



