অবশেষে শেষ হলো দীর্ঘ অপেক্ষা। প্রায় দুই বছর আট মাস তথা ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি সান্তোস তারকা। চোট, পুনর্বাসন এবং অনিশ্চয়তার দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে ব্রাজিলের হয়ে মাঠে নামলেন তিনি।
তবে নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে আলো ছড়িয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার জোড়া গোলের ওপর ভর করে ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
মায়ামি স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। নিজেদের অর্ধে বল নিয়ন্ত্রণে রাখতে গিয়ে স্কট ম্যাককেনার ভুল পাস রায়ানের গায়ে লেগে ভিনিসিয়ুসের কাছে চলে যায়। এরপর স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে সহজেই বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
গোল হজমের পর স্কটল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করে এবং বলের দখলেও পিছিয়ে ছিল না। প্রথম ২০ মিনিটে প্রায় ৫৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও সেই আধিপত্যকে কার্যকর আক্রমণে রূপ দিতে পারেনি স্টিভ ক্লার্কের দল।
২২তম মিনিটে আবারও স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুল থেকে গোল পান ভিনিসিয়ুস। জ্যাক হেন্ড্রির ভুল পাস কেটে নিয়ে বল জালে জড়ালেও ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করা হয়। রিপ্লেতে দেখা যায়, বল দখলের আগে হেন্ড্রির পায়ে আঘাত করেছিলেন ব্রাজিলিয়ান তারকা।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আর ভুল করেননি ভিনিসিয়ুস। ডান দিক থেকে আসা ক্রসে রক্ষণভাগ ও গোলরক্ষকের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যাক পোস্টে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এর মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ গোলও পূর্ণ করেন এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের প্রথম গোলে অ্যাসিস্ট করে ইতিহাস গড়েছেন তরুণ ফুটবলার রায়ান। ১৯ বছর ৩২৫ দিন বয়সে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অ্যাসিস্ট করা অন্যতম সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখান তিনি। পাশাপাশি ১৯৭০ সালের পর বিশ্বকাপের মূল একাদশে জায়গা পাওয়া ব্রাজিলের প্রথম কিশোর খেলোয়াড়ও হয়েছেন রায়ান।
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের জয় আরও নিশ্চিত করেন কুনহা। ম্যাচের ৬০তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি। এটি ছিল চলতি বিশ্বকাপে কুনহার তৃতীয় গোল।
এই জয়ের ফলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে গ্রুপের আরেক ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে মরক্কো।










Discussion about this post