ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেই। তবে আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজের উপস্থিতি থেমে নেই। এবার স্পটলাইট নারী দলের দিকে।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, আর সেই তালিকায় রয়েছে নিগার সুলতানা জ্যোতি-র নেতৃত্বাধীন বাংলাদেশ। বাছাইপর্বে শতভাগ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের মাটিতে পা রাখতে যাচ্ছে টাইগ্রেসরা-তবে সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ। গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে সাত ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে মূলপর্বে জায়গা করে নেয় দলটি। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার বড় মঞ্চে নামবে জ্যোতিরা। তবে গ্রুপপর্বেই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, শক্তিশালী ভারত, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
১২ জুন এজবাস্টন-এ ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। একই ভেন্যুতে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন হ্যাম্পশায়ার বোলে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্রাফোর্ড-এ ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।
গ্রুপপর্ব চলবে ২৮ জুন পর্যন্ত। এরপর ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালেঅনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। ৫ জুলাই ঐতিহ্যবাহী লর্ডসে গড়াবে শিরোপা লড়াইয়ের শেষ অধ্যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি
তারিখ ম্যাচ ভেন্যু (সময়)
১৪ জুন বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকেল সাড়ে ৩টা)
১৭ জুন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকেল সাড়ে ৩টা)
২০ জুন বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৫ জুন বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)
২৮ জুন বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল সাড়ে ৩টা)










Discussion about this post